মারা গেছেন ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন

ঢাকা জেলা ক্রিকেট দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।
মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
২০১১ সালে বিসিবিতে যোগ দেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা জেলা দলের কোচ হওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন মোসাদ্দেক। সর্বশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি।
মোসাদ্দেক হোসেন বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।