মাঠের পর মাঠের বাইরেও ধাক্কা, ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনিসিয়ুসের

মাঠে লাল কার্ডের বিতর্কের মধ্যেই ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রেমিকা ও ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটেছে। ভার্জিনিয়ার দপ্তরের এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
বিচ্ছেদের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি বিবৃতিতে। তবে এতে বলা হয়েছে, তাঁদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি। দুজনের সম্মতিতেই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিনিসিয়ুস কিংবা ভার্জিনিয়া—কেউই এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার সম্পর্ক নিয়ে গত বছরের অক্টোবর থেকেই ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা চলছিল। গত মে মাসে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তবে জুলাইয়ে আবারও একসঙ্গে দেখা যেতে শুরু করে দুজনকে।
এরপর বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হয়েছেন তাঁরা। সর্বশেষ গত সেপ্টেম্বরের মাঝামাঝি স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে হাত ধরে হাজির হয়েছিলেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। তাঁদের সেই উপস্থিতিতে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে এক মাস পার হওয়ার আগেই আবার বিচ্ছেদের খবর সামনে এল।
এদিকে মাঠের ঘটনাতেও শাস্তির অপেক্ষায় রয়েছেন ভিনিসিয়ুস। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে পরে রেফারির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচ প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন রেফারি।
লাল কার্ডের কারণে সাধারণত এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। সে ক্ষেত্রে আগামী ১৯ অক্টোবর সেভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। তবে রেফারির সঙ্গে তাঁর আচরণের বিষয়টি বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে। এমন হলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতেও তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।