যুব এশিয়া কাপে ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আবারও যুব এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া আজিজুল হাকিম তামিমের দল এবার নতুন করে এশিয়ার সেরা হওয়ার মিশনে নামবে।
আগামী ৫ নভেম্বর শুরু হবে ৫০ ওভারের যুব এশিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।
উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুব টাইগারদের এবারের আসর। ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৯ নভেম্বর, প্রতিপক্ষ মালয়েশিয়া। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।
১২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। এরপর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে যুব এশিয়া কাপের এবারের আসরের।