হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৬২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৩২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ এপ্রিল থেকে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪৭১ জন মারা গেছেন। এরপর সিলেট বিভাগে ১৮২, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৯১, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬১, খুলনায় ৪৬ এবং রংপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে।