বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj

বড় পর্দায় ফিরছেন মোশাররফ করিম, সঙ্গে সুমাইয়া শিমু

বড় পর্দায় ফিরছেন মোশাররফ করিম, সঙ্গে সুমাইয়া শিমু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মোশাররফ করিমের নতুন সিনেমা ‘যাত্রা বিরতি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী রোজার ঈদে। কাজী আসাদ পরিচালিত সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সুমাইয়া শিমু। দীর্ঘদিন পর এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। সিনেমাটিতে আরও অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, রাকিব হোসেন ইভন, ইউসুফ হাসান অর্ক ও রুদ্র রয়সহ অনেকে।

চরকি প্রযোজিত সিনেমাটির শুটিং শুরু হয়েছে কুয়াকাটায়। সম্প্রতি নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

নির্মাতা কাজী আসাদ জানান, সিনেমাটির গল্প উৎসব ও পারিবারিক আবহকে কেন্দ্র করে। ঈদে মুক্তির উপযোগী মনে করেই তিনি গল্পটি পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন। তাঁর ভাষ্য, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু–স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’

এর আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ চলচ্চিত্র নির্মাণ করেছেন কাজী আসাদ। ‘যাত্রা বিরতি’র মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রেক্ষাগৃহের জন্য সিনেমা নির্মাণ করছেন তিনি।

অন্যদিকে দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথম সিনেমায় অভিনয় করছেন সুমাইয়া শিমু। ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য ও নিজের চরিত্র পছন্দ হওয়ায় শেষ পর্যন্ত এতে যুক্ত হয়েছেন তিনি। শিমু বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।’

পরিচালক কাজী আসাদের সঙ্গে আগে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে কাজ করেছেন মোশাররফ করিম। ফলে নির্মাতার সঙ্গে তাঁর আগে থেকেই কাজের বোঝাপড়া রয়েছে। নতুন সিনেমা নিয়ে এই অভিনেতা বলেন, ‘সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত দীঘি। তবে মোশাররফ করিমের সঙ্গে আগে কাজ না করায় কিছুটা চিন্তিতও তিনি। দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’

চরকি গত কয়েক বছরে প্রেক্ষাগৃহের জন্য বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছে। এবার ‘চরকি সিনেমা ইনিশিয়েটিভ’ নামে নতুন উদ্যোগের অংশ হিসেবে নির্মিত হচ্ছে ‘যাত্রা বিরতি’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘আমরা সিনেমা হলের দর্শকদের জন্য গত কয়েক বছর অনেকগুলো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়ে এসেছি। প্রেক্ষাগৃহের উপচে পড়া ভিড় আর দর্শকের উচ্ছ্বাস আমাদের নতুন এই প্রকল্পে উৎসাহী করেছে। “যাত্রা বিরতি” সেই প্রকল্পেরই অংশ।’

সিনেমাটির গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। ডিসেম্বর পর্যন্ত শুটিং চলবে। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে আসন্ন ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন