ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে দেশের পাঁচ শিশু হাসপাতাল

দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে খুলনাসহ দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এত দিন হাসপাতালগুলোর কার্যক্রম শুরু করা যায়নি। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের পদ রয়েছে ১০টি।
এ ছাড়া আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিকেল অফিসারের পাঁচটি, মেডিকেল অফিসারের ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ২০টি এবং অ্যানেসথেটিস্টের ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক করা হয়েছে ডা. মো. বেলাল হোসেনকে। বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতিমধ্যে শেষ হয়েছে। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে ও পোর্টেবল এক্স-রে মেশিন, মাল্টি-প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্দেশনা দেন তিনি। এরপর হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয়।
গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের পদ সৃষ্টি এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন বলেও জানান তিনি।