বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নামাজের মধ্যে জুতা চুরি হলে নামাজ ভেঙে ধরতে পারবেন চোর? গোপালগঞ্জকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: শফিকুর রহমান চার সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান, ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী আবাসন খাতে দুর্নীতি-জবরদখলে জিম্মি সাধারণ ক্রেতারা: টিআইবি শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার
  • নামাজের মধ্যে জুতা চুরি হলে নামাজ ভেঙে ধরতে পারবেন চোর?

    নামাজের মধ্যে জুতা চুরি হলে নামাজ ভেঙে ধরতে পারবেন চোর?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা চুরির ঘটনা নতুন নয়। বিশেষ করে জুমার নামাজের মতো বড় জামাতে এমন ঘটনা প্রায়ই ঘটে। নামাজ শুরু করার পর সাধারণত তা ভেঙে দেওয়া উচিত নয়। তবে জরুরি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শরিয়ত কিছু ক্ষেত্রে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে।

    নামাজরত অবস্থায় নিজের জুতা চুরি হতে দেখলে বা কেউ জুতা নিয়ে পালিয়ে গেলে নামাজ ছেড়ে তা উদ্ধারের চেষ্টা করা যাবে কি না, এ প্রশ্ন অনেকের মনেই আসে। ফিকহি বিধান ও নির্ভরযোগ্য ফতোয়ার আলোকে এ বিষয়ে কিছু দিকনির্দেশনা রয়েছে।

    সম্পদ রক্ষায় নামাজ ছেড়ে দেওয়ার বিধান

    শরিয়তের মূলনীতি অনুযায়ী, নামাজরত অবস্থায় উল্লেখযোগ্য মূল্যের কোনো সম্পদ চুরি হওয়া বা নষ্ট হওয়ার বাস্তব আশঙ্কা দেখা দিলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। অর্থাৎ কেউ নামাজের মধ্যে দেখলেন, তাঁর প্রয়োজনীয় বা মূল্যবান জুতা কেউ নিয়ে যাচ্ছে। এ অবস্থায় জুতা উদ্ধারের জন্য নামাজ ছেড়ে দিলে তা অন্যায় বা নাজায়েজ হবে না।

    এ বিষয়ে তাবেয়িদের আমলের একাধিক বর্ণনা রয়েছে। তাঁরা নামাজরত অবস্থায় নিজেদের বাহন চলে যেতে দেখলে নামাজ ছেড়ে তা রক্ষার উদ্যোগ নিতেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ২/২৬১)। ফিকহের গ্রন্থগুলোতেও সম্পদ ও জানমাল রক্ষার প্রয়োজনে নামাজ ছেড়ে দেওয়ার অবকাশের কথা উল্লেখ করা হয়েছে। (ফাতাওয়া হিন্দিয়া: ১/১০৯; আদ্দুররুল মুখতার: ২/৫১)।

    কোন সম্পদের ক্ষেত্রে এ অনুমতি প্রযোজ্য

    তুচ্ছ বা সামান্য কোনো জিনিসের জন্য নামাজ ভেঙে ফেলা শরিয়তের কাম্য নয়। এ ক্ষেত্রে সম্পদের মূল্য, প্রয়োজনীয়তা এবং চুরির আশঙ্কার বাস্তবতা বিবেচনায় নিতে হবে।

    কোনো কোনো ফকিহের মতে, এক দিরহাম বা ৩ দশমিক ০৬১৪ গ্রাম রুপার সমমূল্যের সম্পদ রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। তবে এ বিষয়ে শুধু সম্পদের মূল্য নয়, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিলে সেটি হারিয়ে যাওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

    শুধু ধারণা বা অমূলক সন্দেহের ভিত্তিতে নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। একইভাবে সামান্য ও অপ্রয়োজনীয় কোনো বস্তুর জন্য নামাজ ভেঙে ফেলার সুযোগও এ বিধানের আওতায় পড়ে না।

    জুমার নামাজের জামাত চলাকালে এমন জরুরি কারণে কেউ নামাজ ছেড়ে দিলে এবং জামাত ছুটে গেলে তাঁকে জোহরের নামাজ আদায় করতে হবে।

    নামাজের আগে যেসব সতর্কতা নেওয়া উচিত

    সম্পদ রক্ষার প্রয়োজনে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ থাকলেও নামাজে একাগ্রতা ও মনোযোগ ধরে রাখতে আগে থেকেই সতর্ক হওয়া ভালো। নামাজে দাঁড়ানোর আগে জুতা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস নিরাপদ স্থানে রাখা উচিত। মসজিদের নির্ধারিত র‍্যাক বা বাক্সে জুতা রাখলে চুরির আশঙ্কা কমে।

    নামাজের সময় এসব জিনিস নিয়ে দুশ্চিন্তা যেন মনোযোগে ব্যাঘাত না ঘটায়, সে বিষয়েও সচেতন থাকা প্রয়োজন। পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের সম্মিলিত উদ্যোগে জুতা রাখার নিরাপদ ব্যবস্থা এবং চুরি প্রতিরোধে সতর্কতা বাড়ানো যেতে পারে।

    ইসলাম ইবাদতের একাগ্রতা ও শৃঙ্খলার পাশাপাশি মানুষের বৈধ সম্পদ ও প্রয়োজনীয় জিনিসপত্রের নিরাপত্তাকেও গুরুত্ব দিয়েছে। তাই বাস্তব ও জরুরি পরিস্থিতিতে সম্পদ রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ থাকলেও আগে থেকেই সতর্কতা অবলম্বন করা এবং নামাজে দুনিয়াবি চিন্তা থেকে মনোযোগ সরিয়ে রাখাই উত্তম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন