ঘুম না এলে যে দোয়া পড়তেন সাহাবি, শিখিয়েছিলেন মহানবী (সা.)

রাতে বিছানায় যাওয়ার পরও অনেকের সহজে ঘুম আসে না। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও মাথায় নানা চিন্তা ঘুরতে থাকে। ঘুমানোর জন্য নানা চেষ্টা করেও কোনো ফল মেলে না। সাহাবিদের মধ্যেও এমন সমস্যায় ভুগতেন একজন। তাঁর নাম জায়িদ ইবনে সাবিত (রা.)। অনিদ্রার কথা জানালে তাঁকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
জায়িদ ইবনে সাবিত (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর ওহি লেখকদের একজন। কোরআনের আয়াত নাজিল হলে তিনি তা লিখে রাখতেন। ঘুম না আসার সমস্যায় ভুগতে থাকায় একদিন তিনি মহানবী (সা.)-এর কাছে বিষয়টি জানান। তখন রাসুলুল্লাহ (সা.) তাঁকে যে দোয়াটি শিখিয়েছিলেন, তা হলো—
ঘুম না এলে পড়ার দোয়া
আরবি:
اللَّهُمَّ غَارَتِ النُّجُومُ، وَهَدَأَتِ العُيُونُ، وَأَنْتَ حَيٌّ قَيُّومٌ، لَا تَأْخُذُكَ سِنَةٌ وَلَا نَوْمٌ، يَا حَيُّ يَا قَيُّومُ، أَهْدِئْ لِي لَيْلِي، وَأَنِمْ عَيْنِي
উচ্চারণ: আল্লাহুম্মা গারাতিন নুজুমু, ওয়া হাদাআতিল উয়ুনু, ওয়া আনতা হাইয়ুন কাইয়ুমুন, লা তা খুজু কা ছিনাতুন ওয়ালা নাওম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, আহদি লি লাইলি, ওয়া আনিম আইনি।
অর্থ: হে আল্লাহ, আকাশের তারাগুলো অস্তমিত হচ্ছে, আর চোখগুলো শান্ত হয়ে এসেছে। অথচ আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আপনাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমার রাতকে প্রশান্তিময় করুন এবং আমার চোখে ঘুম এনে দিন।
(তাবরানি, হাদিস: ৪৮১৭)
বর্ণনা অনুযায়ী, এই দোয়া পড়ার পর জায়িদ ইবনে সাবিত (রা.)-এর অনিদ্রার সমস্যা দূর হয়েছিল।
রাতে ঘুমানোর গুরুত্ব
ঘুম ও বিশ্রামের জন্য রাতকে নির্ধারণ করেছেন আল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)
তাই যথাসম্ভব রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা উচিত। ঘুমাতে যাওয়ার সময় ফজরের নামাজ আদায়ের নিয়ত রাখাও একজন মুমিনের দায়িত্ব। কাজের প্রয়োজনে রাত জাগতে হলেও ফজরের নামাজের বিষয়ে সচেতন থাকা জরুরি।
ঘুমানোর আগে যে দোয়া পড়বেন
ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়া সুন্নত। রাসুলুল্লাহ (সা.) ঘুমানোর সময় যে দোয়াটি পড়তেন, তা হলো—
আরবি:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ: আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া।
অর্থ: হে আল্লাহ, আপনার নামেই আমি ঘুমাই এবং আপনার নামেই জাগ্রত হই।
হুজাইফা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রাতে বিছানায় শোয়ার সময় গালের নিচে হাত রেখে এই দোয়া পড়তেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩১৪)
ঘুমের মধ্যে ভয় পেলে যে দোয়া পড়বেন
অনেকে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন কিংবা ভয় পান। এ ধরনের পরিস্থিতিতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া শিখিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। দোয়াটি হলো—
আরবি:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ: আউজু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাজাবিহি, ওয়া ইকাবিহি, ওয়া শাররি ইবাদিহি, ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি, ওয়া আই ইয়াহজুরুন।
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তাঁর ক্রোধ ও শাস্তি, তাঁর বান্দাদের অনিষ্ট, শয়তানদের কুমন্ত্রণা এবং তাদের উপস্থিতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।