মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • নামাজে আমিন বলার আওয়াজ নিয়ে ইসলামের নির্দেশনা কী

    নামাজে আমিন বলার আওয়াজ নিয়ে ইসলামের নির্দেশনা কী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নামাজে সুরা ফাতিহা পাঠের পর ‘আমিন’ বলা সুন্নত। তবে আমিন অনুচ্চস্বরে নাকি উচ্চস্বরে বলতে হবে, তা নিয়ে ইসলামের প্রাথমিক যুগ থেকেই আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেয়িন, মুহাদ্দিস ও ফকীহদের মধ্যে এ বিষয়ে একাধিক মত ও আমলের নজির পাওয়া যায়।

    দুই পক্ষই নিজেদের মতের পক্ষে কোরআন, হাদিস, সাহাবিদের বর্ণনা এবং ফকীহদের বক্তব্য তুলে ধরেছেন। তাই বিষয়টি বুঝতে হলে উভয় পক্ষের দলিল ও যুক্তি পর্যালোচনা করা প্রয়োজন।

    আস্তে আমিন বলার পক্ষে দলিল ও যুক্তি

    যাঁরা অনুচ্চস্বরে আমিন বলেন, তাঁদের অন্যতম যুক্তি হলো, আমিন মূলত একটি দোয়া। পবিত্র কোরআনে দোয়ার ক্ষেত্রে বিনয় ও গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রথম দলিল: আমিন একটি দোয়া

    প্রখ্যাত তাবেয়ি আতা ইবনে আবি রাবাহ (রহ.) বলেছেন, আমিন একটি দোয়া। ইমাম বুখারি (রহ.) তাঁর সহিহ বুখারিতে এ বক্তব্য উল্লেখ করেছেন। আরবি ভাষার অভিধানগ্রন্থ ‘মাজমাউল বিহার’-এ আমিনের অর্থ বলা হয়েছে, ‘হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন’ অথবা ‘এমনটিই হোক’।

    আমিনকে দোয়া হিসেবে বিবেচনা করে অনুচ্চস্বরে বলার পক্ষে আলেমরা কোরআনের কয়েকটি আয়াত উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে ও গোপনে।’ (সুরা আরাফ, আয়াত: ৫৫)

    অন্য আয়াতে হজরত জাকারিয়া (আ.)-এর দোয়া সম্পর্কে বলা হয়েছে, ‘যখন তিনি তাঁর প্রতিপালককে গোপনে অনুচ্চস্বরে ডাকলেন।’ (সুরা মারইয়াম, আয়াত: ৩)

    এসব আয়াতের আলোকে তাঁদের যুক্তি হলো, দোয়ার ক্ষেত্রে অনুচ্চস্বরে বলার যে নির্দেশনা রয়েছে, আমিন বলার ক্ষেত্রেও তা প্রযোজ্য হতে পারে।

    দ্বিতীয় দলিল: সহিহ বুখারি ও সুনানে নাসাঈর হাদিস

    রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইমাম যখন غير المغضوب عليهم ولا الضالين বলবেন, তখন তোমরা আমিন বলবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৮০)

    অনুচ্চস্বরে আমিন বলার পক্ষের আলেমরা এ হাদিস থেকে যুক্তি দেন, এখানে ইমামের সুরা ফাতিহা শেষ করার পর মুক্তাদিকে আমিন বলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু উচ্চস্বরে বলার কোনো সুস্পষ্ট নির্দেশ নেই।

    এ প্রসঙ্গে সুনানে নাসাঈর একটি বর্ণনাও উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, ইমাম যখন ‘غير المغضوب عليهم ولا الضالين’ বলবেন, তখন তোমরা আমিন বলবে। কেননা ফেরেশতারা আমিন বলেন এবং ইমামও আমিন বলেন। (সুনানে নাসাঈ, ১/১৪৭)

    অনুচ্চস্বরে আমিন বলার পক্ষের আলেমদের যুক্তি হলো, রাসুলুল্লাহ (সা.) যদি সব সময় উচ্চস্বরে আমিন বলতেন, তাহলে ইমামের আমিন বলার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হতো কি না, তা বিবেচনার বিষয়।

    তৃতীয় দলিল: সাহাবি ও তাবেয়িদের আমল

    অনুচ্চস্বরে আমিন বলার পক্ষে সাহাবায়ে কেরাম ও তাবেয়িদের একাধিক বর্ণনা তুলে ধরেন আলেমরা। এর মধ্যে রয়েছে—

    ১. হজরত ওমর (রা.) থেকে বর্ণিত, ইমাম চারটি বিষয় অনুচ্চস্বরে পাঠ করবেন—আউজুবিল্লাহ, বিসমিল্লাহ, আমিন এবং ‘আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ’। (ইবনে জারির, কানজুল উম্মাল, ৮/২৭৪)

    ২. হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, ইমাম তিনটি বিষয় অনুচ্চস্বরে পাঠ করবেন—আউজুবিল্লাহ, বিসমিল্লাহ ও আমিন। (আল-মুহাল্লা, ৩/১৮৪)

    ৩. ইবরাহিম নাখাঈ (রহ.) থেকেও বর্ণিত হয়েছে, ইমাম বিসমিল্লাহ, আউজুবিল্লাহ, আমিন এবং ‘রাব্বানা লাকাল হামদ’ অনুচ্চস্বরে পাঠ করবেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, ২/৮৭; মুসান্নাফে ইবনে আবি শাইবা)

    এসব বর্ণনাকে অনুচ্চস্বরে আমিন বলার পক্ষে আলেমরা তাঁদের মতের সমর্থনে দলিল হিসেবে উপস্থাপন করেন।

    উচ্চস্বরে আমিন বলার পক্ষে দলিল ও যুক্তি

    যাঁরা উচ্চস্বরে আমিন বলার পক্ষে, তাঁদের প্রধান দলিল হলো রাসুলুল্লাহ (সা.)-এর আমিনসংক্রান্ত হাদিস এবং সহিহ বুখারিতে ইমাম বুখারি (রহ.)-এর অধ্যায় বিন্যাস।

    প্রথম দলিল: সহিহ বুখারির হাদিস

    রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইমাম যখন আমিন বলবেন, তখন তোমরাও আমিন বলবে। কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (সহিহ বুখারি, ১/১০৮)

    উচ্চস্বরে আমিন বলার পক্ষের আলেমদের মতে, এ হাদিসে ইমাম ও মুক্তাদি উভয়ের আমিন বলার বিষয়টি এসেছে। ইমাম বুখারি (রহ.) হাদিসটি তাঁর সহিহ গ্রন্থে উচ্চস্বরে আমিন বলার অধ্যায়ের অধীনে উল্লেখ করেছেন।

    সহিহ বুখারিতে এ বিষয়ে দুটি অধ্যায়ের শিরোনাম রয়েছে। একটি হলো ‘باب جَهْرِ الْإِمَامِ بِالتَّأْمِينِ’, অর্থাৎ ইমামের উচ্চস্বরে আমিন বলা। অন্যটি ‘باب جَهْرِ الْمَأْمُومِ بِالتَّأْمِينِ’, অর্থাৎ মুক্তাদির উচ্চস্বরে আমিন বলা।

    উচ্চস্বরে আমিন বলার পক্ষের আলেমদের মতে, ইমাম বুখারি (রহ.)-এর এই অধ্যায় বিন্যাস থেকে বোঝা যায়, তিনি সংশ্লিষ্ট হাদিসগুলোকে উচ্চস্বরে আমিন বলার পক্ষে দলিল হিসেবে গ্রহণ করেছেন।

    দ্বিতীয় দলিল: সুনানে নাসাঈর বর্ণনা

    সুনানে নাসাঈর বর্ণনায় বলা হয়েছে, ইমামও আমিন বলেন এবং ফেরেশতারাও আমিন বলেন। উচ্চস্বরে আমিন বলার পক্ষের আলেমরা এ বর্ণনার ব্যাখ্যায় বলেন, ইমামের আমিন বলার বিষয়টি মুক্তাদিদের জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তাঁরাও আমিন বলার ক্ষেত্রে ইমামের সঙ্গে অংশ নিতে পারেন।

    তৃতীয় দলিল: উচ্চস্বরে আমিন বলার বর্ণনা

    এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত কিছু মারফু হাদিস ও অন্যান্য বর্ণনায় তাঁর আমিন বলার আওয়াজ শোনার কথা কিংবা উচ্চস্বরে আমিন বলার বিষয়টি উল্লেখ রয়েছে।

    উচ্চস্বরে আমিন বলার পক্ষের আলেমরা এসব বর্ণনার পাশাপাশি সহিহ বুখারির অধ্যায় বিন্যাসকে তাঁদের মতের সমর্থনে তুলে ধরেন। তবে এসব বর্ণনার সনদ ও প্রমাণের শক্তি নিয়ে মুহাদ্দিসদের মধ্যে আলোচনা রয়েছে। তাই প্রতিটি বর্ণনা তার সনদ ও প্রাসঙ্গিক ব্যাখ্যাসহ বিবেচনা করা প্রয়োজন।

    মুহাদ্দিস ও ফকীহদের বক্তব্য

    নামাজে আমিন উচ্চস্বরে নাকি অনুচ্চস্বরে বলা হবে, এ বিষয়ে প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা ইবনুল কাইয়্যিম (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘যাদুল মাআদ’-এ বলেন, এটি এমন একটি বৈধ মতপার্থক্য, যেখানে কোনো ব্যক্তি একটি পদ্ধতি অনুসরণ করলে তাঁকে ভর্ৎসনা করা যাবে না। একইভাবে অন্য পদ্ধতি অনুসরণকারীকেও দোষারোপ করা যাবে না।

    তিনি এ মতপার্থক্যের সঙ্গে নামাজে রাফউল ইয়াদাইন করা বা না করার মতপার্থক্যের তুলনা করেছেন। (যাদুল মাআদ, ১/৭০)

    অর্থাৎ তাঁর বক্তব্য অনুযায়ী, আমিন উচ্চস্বরে বা অনুচ্চস্বরে বলার বিষয়টি এমন একটি ফিকহি মতপার্থক্য, যেখানে উভয় পদ্ধতির আমলের স্বীকৃতি রয়েছে।

    অন্যদিকে, আল্লামা ইবনুত তুরকুমানি (রহ.) তাঁর ‘আল-জাওহারুন নাকী’ গ্রন্থে ইমাম ইবনে জারির তাবারি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), ইবরাহিম নাখাঈ (রহ.), শাবি (রহ.) ও ইবরাহিম তাইমি (রহ.) থেকে অনুচ্চস্বরে আমিন বলার বর্ণনা রয়েছে। পাশাপাশি উচ্চস্বরে আমিন বলার বর্ণনাও আছে এবং উভয় পদ্ধতিতে আলেমরা আমল করেছেন। (আল-জাওহারুন নাকী, ২/৫৮)

    এসব আলোচনা থেকে বোঝা যায়, আমিন বলার আওয়াজ নিয়ে মতপার্থক্য শুধু পরবর্তী যুগের ফিকহি বিতর্ক নয়; বরং সাহাবায়ে কেরাম ও তাবেয়িদের সময় থেকেই এ বিষয়ে বিভিন্ন আমল ও মতামত প্রচলিত ছিল।

    মতপার্থক্যের ক্ষেত্রে আমাদের করণীয়

    উপরের আলোচনা থেকে দেখা যায়, অনুচ্চস্বরে আমিন বলার পক্ষে কোরআনের দোয়া-সংক্রান্ত নির্দেশনা, সাহাবিদের বর্ণনা ও তাবেয়িদের আমল তুলে ধরা হয়। অন্যদিকে, উচ্চস্বরে আমিন বলার পক্ষে রয়েছে সহিহ বুখারির হাদিস, ইমাম বুখারির অধ্যায় বিন্যাস এবং এ বিষয়ে বর্ণিত অন্যান্য হাদিস।

    তাই একটি মত অনুসরণ করার কারণে অন্য মতের অনুসারীকে সুন্নাহবিরোধী, বিদআতি কিংবা হাদিস অস্বীকারকারী বলা সমীচীন নয়। কারণ ফিকহি মতপার্থক্যের ক্ষেত্রে দলিলের ব্যাখ্যা, হাদিসের সমন্বয় এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন আমল বিবেচনা করে মুজতাহিদ ইমামরা পৃথক সিদ্ধান্তে পৌঁছেছেন।

    নামাজে আমিন অনুচ্চস্বরে বলা হোক কিংবা উচ্চস্বরে—উভয় পদ্ধতির পক্ষে আলেমদের দলিল ও ফিকহি ব্যাখ্যা রয়েছে। তাই এ বিষয়ে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ইলমি শিষ্টাচার বজায় রাখা জরুরি। মতপার্থক্যের কারণে মুসলিম উম্মাহর ঐক্য, নামাজের পবিত্রতা ও সুন্নাহর প্রতি ভালোবাসা যেন ক্ষতিগ্রস্ত না হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন