ভিডিও কলে নবজাতকের কানে আজান দেওয়া যাবে? ইসলামের বিধান কী

মুসলিম পরিবারে নবজাতকের জন্মের পর তার ডান কানে আজান দেওয়ার প্রচলন রয়েছে। ইসলামী শরিয়তে নবজাতকের কানে আজান দেওয়াকে মুস্তাহাব বলেছেন অনেক আলেম। এ বিষয়ে হাদিসেও বর্ণনা পাওয়া যায়।
উবাইদুল্লাহ ইবনে আবু রাফি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা (রা.) যখন আলী (রা.)-এর ছেলে হাসানকে (রা.) জন্ম দেন, তখন রাসুলুল্লাহ (সা.) তাঁর কানে নামাজের আজানের মতো আজান দিয়েছিলেন। (আবু দাউদ, হাদিস: ৫১০৫)।
আরেকটি বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কারও সন্তান জন্মগ্রহণ করলে সে যেন শিশুর ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়। (শুআবুল ইমান, হাদিস: ৮৬১৯)।
ভিডিও কলে নবজাতকের কানে আজান দেওয়ার বিধান
হাদিসে নবজাতকের কানে আজান দেওয়ার যে নির্দেশনা এসেছে, তা সরাসরি শিশুর কানে আজান দেওয়ার বিষয়েই বর্ণিত। এ কারণে সরাসরি আজান দেওয়াকেই প্রচলিত ও স্বাভাবিক পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। ভিডিও কলের মাধ্যমে দূর থেকে আজান শোনালে সরাসরি শিশুর কানে আজান দেওয়ার আমল আদায় হয়েছে বলে গণ্য হবে না।
তবে শিশুর কানে আজান দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তির উপস্থিতি আবশ্যক নয়। শিশুর বাবা, দাদা, পরিবারের কোনো মুরব্বি, আলেম কিংবা অন্য যে কেউ সরাসরি আজান দিতে পারেন। প্রয়োজনে কোনো নারীও শিশুর কানে আজান দিতে পারবেন।
বিশেষ পরিস্থিতিতে শিশুর কাছে উপস্থিত হয়ে আজান দেওয়া সম্ভব না হলে ভিডিও কল বা মোবাইল ফোনের মাধ্যমে আজান শোনানোর বিষয়ে নিষেধাজ্ঞা নেই বলে মত দেওয়া হয়। বিশেষ করে শিশুর বাবা বা নিকটাত্মীয় দূরে অবস্থান করলে এভাবে আজান দিতে পারেন। তবে এটিকে সরাসরি আজান দেওয়ার সমতুল্য বা একই ফজিলতপূর্ণ আমল মনে করা ঠিক হবে না।
সুতরাং, সম্ভব হলে নবজাতকের কাছে উপস্থিত হয়ে সরাসরি আজান দেওয়াই উত্তম। আর তা সম্ভব না হলে ভিডিও কলের মাধ্যমে আজান শোনানোর সুযোগ রয়েছে।