রাগের সময় কী করবেন, হাদিসে যে পাঁচ আমলের নির্দেশনা

হতাশা, অসহায়ত্ব, অবিচার কিংবা শারীরিক ও মানসিক কষ্ট থেকে মানুষের মধ্যে রাগ তৈরি হতে পারে। কখনো কাছের মানুষের কোনো মন্তব্য বা আচরণও ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। আবার কোনো স্পষ্ট কারণ ছাড়াই কেউ কেউ রেগে যান।
রাগ মানুষের স্বাভাবিক আবেগ। তবে সেই রাগের বশবর্তী হয়ে চিৎকার, অপমানজনক কথা বলা কিংবা অন্যের ওপর শারীরিক আক্রমণ করা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই রাগের মুহূর্তে নিজেকে সংযত রাখা অত্যন্ত জরুরি।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রকৃত শক্তিশালী ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেছেন, কুস্তিতে অন্যকে পরাজিত করাই শক্তির প্রকৃত পরিচয় নয়; বরং রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। (সহিহ বুখারি)
রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব
রাগের সময় নিজেকে সামলে রাখা কঠিন হলেও এর সুফল অনেক। পবিত্র কোরআনে রাগ সংবরণকারীদের প্রশংসা করে আল্লাহ তায়ালা বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণ করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে; আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৪)
রাগ নিয়ন্ত্রণের বিষয়ে মহানবী (সা.)-এর হাদিসে বেশ কিছু কার্যকর নির্দেশনা পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি হলো—
১. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
রাগের সময় শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)।
সহিহ বুখারিতে বর্ণিত একটি হাদিসে সাহাবি সুলাইমান ইবনে সারদ (রা.) বলেন, একবার মহানবী (সা.)-এর সামনে দুজন ব্যক্তি পরস্পরকে গালিগালাজ করছিলেন। তাঁদের একজনের চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল এবং ঘাড়ের রগ ফুলে উঠেছিল।
এ অবস্থা দেখে মহানবী (সা.) বলেন, ‘আমি এমন একটি বাক্য জানি, যা ওই ব্যক্তি বললে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি বলে, আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম (বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই), তাহলে তার রাগ দূর হয়ে যাবে।’
২. শারীরিক অবস্থান পরিবর্তন করা
রাগ নিয়ন্ত্রণে নিজের শারীরিক অবস্থান পরিবর্তনের পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, ‘তোমাদের কারও রাগ হলে সে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বসে পড়বে। এতে রাগ কমে গেলে ভালো। অন্যথায় শুয়ে পড়বে।’ (সুনানে আবু দাউদ)
অর্থাৎ রাগের মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে অবস্থান পরিবর্তনের মাধ্যমে নিজেকে শান্ত করার চেষ্টা করা উচিত।
৩. অজু করা
রাগ প্রশমনে অজু করার পরামর্শও এসেছে হাদিসে। মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কারও রাগ হলে সে যেন অজু করে নেয়। কারণ, রাগ আগুন থেকে সৃষ্টি হয়েছে।’ (সুনানে আবু দাউদ)
আগুন নেভাতে যেমন পানি ব্যবহার করা হয়, তেমনি অজুর মাধ্যমে রাগের উত্তাপ প্রশমিত করার শিক্ষা পাওয়া যায়।
৪. নীরব থাকা
রাগের সময় কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়ার নির্দেশনা দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, ‘যখন তোমাদের কারও রাগ হয়, তখন সে যেন নীরব থাকে।’
রাগের মাথায় মানুষ অনেক সময় এমন কথা বলে ফেলে, যা পরে অনুশোচনার কারণ হয়। কটু কথা কিংবা অপমানজনক মন্তব্য অন্যের মনে দীর্ঘস্থায়ী কষ্ট তৈরি করতে পারে। তাই উত্তেজনার মুহূর্তে চুপ থাকা এবং পরিস্থিতি শান্ত হওয়ার পর কথা বলাই উত্তম।
৫. রোজা রাখার শিক্ষা স্মরণ করা
রোজা মানুষকে আত্মসংযমের শিক্ষা দেয়। এ বিষয়ে মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ রোজা রাখার দিন সকালে যেন অশ্লীল কথা না বলে এবং হৈচৈ না করে। কেউ যদি তাকে গালিগালাজ করে বা তার সঙ্গে ঝগড়া করতে আসে, তাহলে সে যেন বলে, আমি রোজাদার।’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
রমজানে ক্ষুধা, ক্লান্তি কিংবা ঘুমের ঘাটতিতে কারও কারও মেজাজ খিটখিটে হতে পারে। এমন পরিস্থিতিতে ‘আমি রোজাদার’ কথাটি স্মরণ করা নিজের সংযম বজায় রাখতে সহায়তা করে। রোজার অন্যতম উদ্দেশ্য তাকওয়া অর্জন। তাই রোজা রেখে রাগ ও আচরণ নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।