বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ জন স্থানীয় সরকার নির্বাচনে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সড়কে যান চলাচলে বিধিনিষেধ ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ সরকারের প্রথমবারের মতো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো গ্রিডে মাদারীপুরে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ তাসকিন-হাসানের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ অসুস্থতার কারণে সংসদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
  • বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়ালে যেভাবে তওবা করবেন

    বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়ালে যেভাবে তওবা করবেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ের আগে প্রেম বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে অনেকে পরবর্তী সময়ে অপরাধবোধে ভোগেন। নিয়মিত নামাজ আদায়, রোজা পালনসহ ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করলেও অতীতের ভুল তাঁদের মনে অনুশোচনা তৈরি করে। তবে ইসলামে কোনো গুনাহের পরই তওবার দরজা বন্ধ হয়ে যায় না। বরং আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দাকে ক্ষমা করতে পারেন।

    কামনাপূর্ণ কথাবার্তা, নির্জনে দেখা করা, অনৈতিক বার্তা আদান-প্রদান, স্পর্শ কিংবা অশালীন আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসলাম। কেউ এসব কাজে জড়িয়ে পড়লে হতাশ না হয়ে গুনাহের পথ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।

    খাঁটি তওবার জন্য করণীয়

    ইসলামি নির্দেশনা অনুযায়ী, আন্তরিক তওবার ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ।

    ১. অনুশোচনা করা: অতীতে করা গুনাহের জন্য অন্তর থেকে অনুতপ্ত হতে হবে। নিজের ভুল উপলব্ধি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

    ২. গুনাহ থেকে ফিরে আসা: অবৈধ সম্পর্ক বা গুনাহের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কাজ বন্ধ করতে হবে। যে যোগাযোগ বা আচরণ আবার গুনাহের দিকে নিয়ে যেতে পারে, তা থেকেও দূরে থাকতে হবে।

    ৩. পুনরায় না করার সংকল্প: ভবিষ্যতে আর এ ধরনের গুনাহে জড়াবেন না—এমন দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।

    ৪. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা: একনিষ্ঠভাবে তওবা করতে হবে। চাইলে দুই রাকাত নফল সালাত আদায় করে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারেন।

    ৫. ইস্তিগফার ও নেক আমল বাড়ানো: নিয়মিত ‘আস্তাগফিরুল্লাহ’ পাঠসহ ক্ষমা প্রার্থনার দোয়া পড়তে হবে। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত ও অন্যান্য নেক আমলে মনোযোগী হতে হবে।

    ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর মতে, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার পর তওবা করলে সেই অতীতের বিষয় বর্তমান স্বামী বা স্ত্রীকে নতুন করে জানানো জরুরি নয়। অপ্রয়োজনীয়ভাবে অতীতের বিষয় প্রকাশ করলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও অশান্তি তৈরি হতে পারে। তবে কোনো পরিস্থিতিতে অন্যের অধিকার বা স্বার্থ জড়িত থাকলে তা বিবেচনায় নেওয়া প্রয়োজন।

    দৃষ্টি সংযত ও পবিত্রতা রক্ষার নির্দেশ

    পবিত্র কোরআনে নারী-পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত রাখা এবং পবিত্রতা রক্ষার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ।

    পুরুষদের উদ্দেশে সুরা নুরের ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে, আল্লাহ সে সম্পর্কে অবহিত।’

    পরের আয়াতে নারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে...।’ (সুরা নুর, আয়াত: ৩১)

    এ ছাড়া ব্যভিচারের কাছাকাছি যেতেও নিষেধ করা হয়েছে। সুরা ইসরার ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা জেনার কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।’

    ইসলামে বৈধ বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রীর ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা পূরণের সুযোগ রাখা হয়েছে। তাই বিয়ের আগে অবৈধ সম্পর্কে না জড়িয়ে আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করাই একজন মুমিনের কর্তব্য।

    গুনাহের কারণে কি সব নেক আমল নষ্ট হয়ে যায়?

    অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া গুনাহ হলেও এর কারণে কেউ স্বয়ংক্রিয়ভাবে ইসলাম থেকে বের হয়ে যায় না। একইভাবে তার নামাজ, রোজা, দান-সদকা, দোয়া বা কোরআন তিলাওয়াতের মতো সব নেক আমলও আপনা-আপনি বাতিল হয়ে যায় না। তবে সংশ্লিষ্ট গুনাহের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই গুনাহের কারণে হতাশ না হয়ে তওবা করা এবং নেক আমল অব্যাহত রাখা জরুরি।

    আন্তরিক তওবার প্রতি উৎসাহ দিয়ে পবিত্র কোরআনের সুরা তাহরিমের ৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায়, তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত।’

    অতীতের ভুলের জন্য অনুশোচনা থাকলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কারণ নেই। আন্তরিকভাবে তওবা করে গুনাহের পথ পরিহার এবং সৎকাজের মাধ্যমে জীবন পরিচালনার চেষ্টা করাই গুরুত্বপূর্ণ।

    আল্লাহ আমাদের সবাইকে পাপ থেকে বিরত থাকার এবং আন্তরিকভাবে তওবা করার তাওফিক দান করুন। আমিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন