চার সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান, ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ

ঘুষ লেনদেন, অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে দেশের চারটি সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্রে জানা গেছে, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ই/এম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে পরস্পর যোগসাজশে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে অতিরিক্ত সময়ের (ওভারটাইম) বিল দেওয়াসহ নানা আর্থিক অনিয়মের অভিযোগে সেখানে অভিযান চালানো হয়।
ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশ করে পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি এবং সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আবেদনপত্র গ্রহণে অনিয়ম ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও খতিয়ে দেখে দুদকের দল।
এদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি কার্যক্রমে সেবাগ্রহীতাদের হয়রানি করে ফাইল আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দালালের মাধ্যমে ঘুষ লেনদেন এবং সরকারি নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ দাবি ও আদায়ের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি এবং বিশেষ করে কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রসিদ ছাড়াই অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে হাসপাতালটিতে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদক সূত্র জানায়, অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।