বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী আবাসন খাতে দুর্নীতি-জবরদখলে জিম্মি সাধারণ ক্রেতারা: টিআইবি শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি করবে ট্রাইব্যুনাল রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তা ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে উন্নত এআই মডেল ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ ফিল্ডিংয়ে অনুশীলনের প্রতিফলন নেই, স্বীকার করলেন শরিফুল গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নাহিদের
  • আবাসন খাতে দুর্নীতি-জবরদখলে জিম্মি সাধারণ ক্রেতারা: টিআইবি

    আবাসন খাতে দুর্নীতি-জবরদখলে জিম্মি সাধারণ ক্রেতারা: টিআইবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এসব গোষ্ঠী শুধু ব্যবসায়িক কার্যক্রম নয়, নীতিনির্ধারণী কাঠামোকেও প্রভাবিত করছে। এর ফলে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা।

    আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্র ব্যর্থ হওয়ায় বেসরকারি আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাগরিকদের আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও এককভাবে সেই চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতেও এ খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি এ খাতের একাংশে দুর্নীতি, অনিয়ম, হয়রানি, জবরদখল ও অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে।

    টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গবেষণায় রিয়েল এস্টেট খাতের সুশাসনের ছয়টি নির্দেশক—আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ—প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি পাওয়া গেছে। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। তবে এসব ঘাটতি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।

    তিনি আরও বলেন, রিয়েল এস্টেট খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর মধ্যে দুর্বলতা রয়েছে। পাশাপাশি বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগও হচ্ছে না। আইন ও প্রয়োগের এসব ঘাটতির সুযোগে কিছু প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ ও ইউটিলিটি কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে। কোথাও কোথাও সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগসাজশে অনিয়ম ও প্রতারণার ঘটনা ঘটছে।

    প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও কেনা, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর—পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান। তাঁর ভাষ্য, এসব অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এতে সাধারণ ক্রেতারা আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে কার্যত জিম্মি হয়ে পড়ছেন। বিভিন্নভাবে ক্ষুণ্ন হচ্ছে জমির মালিক ও প্লট কিনতে আগ্রহী ব্যক্তিদের অধিকার।

    টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী ও ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগসাজশে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। এসব গোষ্ঠী নীতিনির্ধারণী কাঠামোয় প্রভাব বিস্তার করছে। কালো টাকা বৈধ করার সুযোগ তৈরিতেও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রভাবশালী অংশের ভূমিকা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

    ঢাকাকে কংক্রিটের শহরে পরিণত করার পেছনে আবাসন খাতের একাংশের জবাবদিহিহীনতা, অনিয়ম ও প্রতারণামূলক ব্যবসার ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এর ফলে পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের প্রত্যাশা বাধাগ্রস্ত হচ্ছে। কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করছে বলেও গবেষণায় দৃষ্টান্ত পাওয়া গেছে। তবে গণমাধ্যমের সবাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে উল্লেখ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক অতানু দাস। তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন হয়েছে। এতে রিয়েল এস্টেট কোম্পানি, প্লটের ক্রেতা ও মালিক, সাবেক প্লট মালিক, ভূমি বিক্রেতা এবং সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনে নিবন্ধিত ৩৫০টির বেশি প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫০টি প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য নেওয়া সম্ভব হয়েছে।

    অতানু দাস বলেন, এ গবেষণায় পুরো আবাসন খাত পর্যালোচনা করা হয়নি। শুধু ঢাকা শহরে ভূমি উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত বেসরকারি আবাসন প্রতিষ্ঠানগুলোর সুশাসনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়েছে। গ্রাহক হয়রানি, দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘদিনের হলেও সুশাসনের দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে আগে এ ধরনের সমন্বিত গবেষণা হয়নি।

    আবাসন খাতে সুশাসন নিশ্চিত করতে ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার ঘাটতি দূর করে প্রয়োজনীয় সংশোধন এবং আইনের প্রয়োগ নিশ্চিত করা। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা আরও কার্যকরভাবে সংশোধনের পাশাপাশি এ প্রক্রিয়ায় জনগণ ও অংশীজনদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে।

    এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি স্বাধীন তদারকি কাঠামো এবং অভিযোগ নিষ্পত্তির জন্য জাতীয় পর্যায়ে নিরপেক্ষ কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাতে নৈতিক আচরণবিধি প্রণয়নও জরুরি। আন্তর্জাতিক মানদণ্ড ও বিভিন্ন দেশের উত্তম চর্চা অনুসরণ করে এ আচরণবিধি তৈরি করতে হবে। তা বাস্তবায়নের জন্য গঠন করতে হবে স্বাধীন কর্তৃপক্ষ। সরকারের নেতৃত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে এ উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে টিআইবি প্রস্তুত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন