নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ইউএন উইমেন আয়োজিত ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেজড ভায়োলেন্স’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবেন না এবং নারীরা তাঁদের প্রাপ্য সম্মান পাবেন।
নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা পাবেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সমাজের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই নির্যাতন সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক।