ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের আনুষ্ঠানিক কাজ ও কর্মসূচি শুরু করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছে তিনি সচিবালয় চত্বরে কিছুক্ষণ বাইসাইকেল চালান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রেস উইং জানায়, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক সুবিধা যাচাই করতে প্রধানমন্ত্রী নিজেই একটি সাইকেল চালিয়ে দেখেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয়ে যাতায়াত সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য। পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণের সংখ্যা আরও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।