আমিরাতে বাস-লরি সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ১৪
.jpeg)
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রাস আল খাইমাহর সাউদার্ন রিং রোডের পাশে আল ওয়াতান স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। রাস আল খাইমাহ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪১ জন যাত্রী বহনকারী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্ক করে রাখা একটি লরিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর প্রথমে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে আল মুনিয়াই পুলিশ স্টেশন এবং রাস আল খাইমাহ পুলিশের অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রমে অংশ নেয় হাত্তা পুলিশ, দুবাই অ্যাম্বুলেন্স, দুবাই সিভিল ডিফেন্স এবং কাদরা এলাকার সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী দল।
এদিকে, দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক থাকার বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে এ কঠিন সময়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছে দূতাবাস।
বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রাখা, গতিসীমা মেনে চলা এবং সড়কের পরিস্থিতি বিবেচনায় গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে পুলিশ। পেশাদার চালকদের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ নয় ঘণ্টা গাড়ি চালানোর সীমাসহ সংশ্লিষ্ট ট্রাফিক বিধিবিধান মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
দুর্ঘটনাসংক্রান্ত গুজব বা যাচাইবিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাস আল খাইমাহ পুলিশ। দেশটির আইন অনুযায়ী, গুজব ও ভুয়া খবর প্রচার করা অপরাধ।
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরার শেখ খলিফা বিন জায়েদ সড়কে ১৮টি গাড়ি ও পাঁচটি লরির সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ফুজাইরার ওই দুর্ঘটনায় একই স্থানে পরপর দুটি সংঘর্ষ ঘটে। প্রথমে একটি গাড়ি সড়কের পাশে পার্ক করা লরিকে ধাক্কা দেয়। পরে দুটি শিপিং কনটেইনার বহনকারী একটি লরি উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে আটজন আমিরাতি, সাতজন ভারতীয়, ছয়জন ওমানি, তিনজন মিশরীয়, দুজন জর্ডানীয়, দুজন পাকিস্তানি এবং দুজন ব্রাজিলীয় নাগরিক ছিলেন।