রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ

বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি ও বৈচিত্র্য আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সাক্ষাৎকালে এসব অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাশিয়া থেকে গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন হুমায়ুন কবির। পাশাপাশি রুশ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ জানান তিনি।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ-রাশিয়া আন্তসরকারি কমিশনের সাম্প্রতিক বৈঠকের সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি। দুই দেশের মধ্যে প্রক্রিয়াধীন চুক্তি ও দলিলগুলো শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন কবির।
বৈঠকে দক্ষ জনশক্তির অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এর মধ্যে শিক্ষাবৃত্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পায়।
ঢাকায় রুশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জবাবে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে রাশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও তাঁর দেশ আগ্রহী।