পলাতক আওয়ামী লীগ আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির পলাতক নেতাদের প্রতারণা ও ফাঁদে পা দিয়ে বিপদের মুখে পড়ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ বুঝে হোক বা না বুঝে, দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের নেতারা প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন—এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পার্শ্ববর্তী দেশের বিষয় যেটা বললেন সেটা আমরা ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করছি।’
এ সময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক এবং সেগুলোর একটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টা আমার জ্ঞানে নেই। বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে সাইনড এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে পলাতক আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ফেরত চেয়েছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত কিংবা দণ্ডপ্রাপ্ত নন—এমন আসামিদের ক্ষেত্রেও প্রত্যর্পণ চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক চ্যানেলে আবেদন করা যায়। এ ধরনের প্রত্যর্পণ নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এদেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে এবং তারা যেখানে এখানে সামাজিকভাবে, অঘোষিতভাবে রিকনসিলিয়েশন হয়ে গিয়েছিল, তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক না বুঝে হোক তাদের সে সমস্ত প্রতারণা এবং ফাঁদে পা দিচ্ছে। আশা করি দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।’
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সম্মিলিতভাবে বৈঠকে বসার পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা সাক্ষাৎ করেছেন বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ওই নেতারা সাক্ষাতের সময় চেয়েছিলেন, পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জোটগতভাবে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা ও বৈঠকের পরিকল্পনা সরকারের রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।