আইপিএলে প্রথমবার হেড কোচ সৌরভ গাঙ্গুলী

আইপিএলে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আইপিএলের ২০২৭ মৌসুম সামনে রেখে তাকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এর আগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট ও মেন্টর হিসেবে কাজ করেছেন গাঙ্গুলী। রিকি পন্টিং প্রধান কোচ থাকাকালীনও দিল্লির কোচিং সেটআপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার হেমাং বাদানির নেতৃত্বাধীন কোচিং স্টাফের বিদায়ের পর সরাসরি প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবেও দায়িত্ব নিয়েছেন গাঙ্গুলী। এর পাশাপাশি বিসিসিআই সভাপতি ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর এখনো শিরোপার দেখা পায়নি দিল্লি ক্যাপিটালস। দলের সঙ্গে গাঙ্গুলীর দীর্ঘদিনের সম্পর্ক এবং তার ক্রিকেটীয় ও প্রশাসনিক অভিজ্ঞতা এবার দিল্লিকে নতুন পথে এগিয়ে নেবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।
গাঙ্গুলীকে প্রধান কোচ করার ঘোষণা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। সেখানে গাঙ্গুলী বলেছেন, সাইডলাইনে বসে দেখার সময় শেষ, এবার সরাসরি মাঠের লড়াইয়ে নামতে চান তিনি।
ভিডিওতে গাঙ্গুলী বলেন, ‘আপনি ভাবতে পারেন, একটা সময় অনেক কিছু করা, দেখা ও অর্জনের পর সাইডলাইনে বসে দেখা, পথ দেখানো এবং বিশ্বাস রাখাই যথেষ্ট। অন্তত আমি সেটাই ভেবেছিলাম। কিন্তু মাঝেমধ্যে কিছু একটা আপনাকে মনে করিয়ে দেয়, কেন শুরু করেছিলেন। আমার জন্য এই দলটি সেটাই করেছে। দিল্লি নিজেদের সময়ের অপেক্ষায় ছিল। এবার দিল্লির সময়। টাইগার ইজ ব্যাক।’
দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দাল গাঙ্গুলীর নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘দাদা সবসময়ই দিল্লি ক্যাপিটালস পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক এবার দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন, এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। তার নেতৃত্বে দিল্লি আইপিএল শিরোপার জন্য লড়তে সর্বোচ্চ প্রস্তুতি নেবে বলে আমি নিশ্চিত।’
ফ্র্যাঞ্চাইজির আরেক সহ-মালিক কিরণ কুমার গ্র্যান্ডিও গাঙ্গুলীর দীর্ঘদিনের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেছেন। তার মতে, দলের ক্রিকেটীয় কাঠামো সম্পর্কে গাঙ্গুলীর গভীর ধারণা নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজের নিয়োগ নিয়ে গাঙ্গুলী বলেন, ‘আইপিএলে হেড কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। বছরের পর বছর ধরে মালিক, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্ব আমার জন্য বিশেষ। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে এবং সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলেছে। নতুন মৌসুমে দলটির সঙ্গে কাজ করে শক্তিশালী ও নির্ভীক একটি দল গড়ে তুলতে চাই।’
গাঙ্গুলীকে সহায়তা করতে দিল্লি ক্যাপিটালস কোচিং স্টাফেও একাধিক সাবেক তারকাকে যুক্ত করেছে। ব্যাটিং কোচ হিসেবে সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং, পেস বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস এবং স্পিন বোলিং কোচ হিসেবে আইপিএলের অভিজ্ঞ অমিত মিশ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আইপিএল ২০২৭ মৌসুমে দিল্লির হয়ে ফিরবেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তও। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে কয়েক মৌসুম কাটানোর পর পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন তিনি।
নতুন কোচিং স্টাফ চূড়ান্ত হওয়ার পর গাঙ্গুলীর সামনে বড় চ্যালেঞ্জ হবে খেলোয়াড় ধরে রাখা এবং আইপিএল নিলামের জন্য দল গোছানো। অধিনায়ক অক্ষর প্যাটেলকে ঘিরে দলের মূল কাঠামো শক্ত করা, ভারতীয় খেলোয়াড়দের নিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি এবং দেশি-বিদেশি ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পূরণ করাই হবে তার অন্যতম প্রধান দায়িত্ব।