‘হেরে ফিরলেও যেন আক্ষেপ না থাকে’, অস্ট্রেলিয়া সিরিজে হেম্প

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতিও সেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগামীকাল শুক্রবার মাঠে গড়াবে দুই দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দলের প্রস্তুতি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন প্রধান কোচ ডেভিড হেম্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, অস্ট্রেলিয়ায় প্রথম দ্বিপক্ষীয় সিরিজের আগে দলের প্রস্তুতি ভালো হয়েছে।
হেম্প বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় সিরিজে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলছি। তাই প্রস্তুতিটা সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। এ ছাড়া যেসব উইকেটে অনুশীলন করেছি, সেগুলোও চমৎকার ছিল।’
তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার ক্ষেত্রে মানসিক প্রস্তুতিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হেম্প। অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই বিশ্বের শীর্ষ দলগুলোর একটি হওয়ায় নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখার ওপর জোর দিচ্ছেন তিনি।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি। তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।’
সিরিজ শেষে কোনো ধরনের আক্ষেপ নিয়ে দেশে ফিরতে চান না হেম্প। নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়াকেই তিনি দলের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন।
তিনি বলেন, ‘আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয়—ইস, আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম। আমরা চাই মাঠে নিজেদের সেরাটা দিতে এবং সিরিজজুড়ে প্রতিটি সুযোগ কাজে লাগাতে।’