বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ, সমালোচকদের জবাব দিলেন স্ত্রী

উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ২০১৮ সালের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বিতর্কিত টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। তার বক্তব্য ঘিরে অস্ট্রেলীয় ক্রিকেটে তৈরি হয়েছে বিভক্তি। এবার স্বামীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিয়েছেন র্যাচেল খাজা।
খাজার বইয়ে বলা হয়েছে, আট বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের বিষয়ে আলোচনা হয়েছিল। এমনকি ওই ম্যাচে বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। তবে তখন বিষয়টি কারও নজরে আসেনি। এর পরের ম্যাচে কেপটাউনে ক্যামেরন ব্যানক্রফটের বল টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ে।
খাজার ভাষ্য, ওই সফরে দলের ড্রেসিংরুমের সবাই স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা জানতেন। অথচ শাস্তি পেতে হয়েছিল কেবল অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও বল টেম্পারিংয়ে সরাসরি জড়িত ব্যানক্রফটকে। সবার সংশ্লিষ্টতা থাকার পরও কেন দায় শুধু এই তিনজনকে নিতে হবে, তা নিয়ে অস্বস্তিতে ছিলেন তিনি।
তবে খাজার অভিযোগ অস্বীকার করেছেন ওই সময়ের অস্ট্রেলিয়া দলের চার প্রধান বোলার। সম্প্রতি ৭০ মিনিটের বেশি সময় ধরে সংবাদ সম্মেলনে বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, খাজার বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ ও মানহানিকর’। মিচেল স্টার্কও দাবি করেছেন, বল টেম্পারিংয়ের বিষয়ে বোলারদের আগে থেকে কোনো ধারণা ছিল না। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন করে তদন্তের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
অন্যদিকে, সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার খাজার অভিযোগকে ‘শতভাগ সত্যি’ বলে সমর্থন জানিয়েছেন। এবার স্বামীর বক্তব্যের পক্ষে অবস্থান স্পষ্ট করেছেন র্যাচেল।
খাজা কেন পুরোনো এই বিতর্ক আবার সামনে এনেছেন, এমন প্রশ্ন তোলা ব্যক্তিদের উদ্দেশে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন তার স্ত্রী। খাজার অভিযোগ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’-এর সংবাদটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রকাশিত মূল সংবাদটি যারা আসলে পড়তে চাননি, তাদের জন্য আমি এটি আবার পোস্ট করলাম। পুরো ঘটনাটি জানতে আমি আপনাদের এই আর্টিকেল এবং আরও স্পষ্ট তথ্য পেতে বইটি পড়ার অনুরোধ করছি।’
সমালোচকদের উদ্দেশে র্যাচেল আরও মনে করিয়ে দিয়েছেন, স্যান্ডপেপারগেট বিতর্কটি খাজার স্মৃতিকথার একটি অধ্যায় মাত্র। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, এটা পুরো বইয়ের একটি অধ্যায়। এটা উজির জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথা লেখা আছে। পছন্দ করুন আর না করুন, এটা তার গল্পের একটি অংশ।’