শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: জিজ্ঞাসাবাদে রিমান্ডে সুইডেন আসলাম

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, এর পেছনে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার অন্য গ্রেপ্তার ও পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আসলামকে আদালতে হাজির করা হয়। তাঁকে প্রথমে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হয়।
শুনানিতে তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে টিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় বসবাস শুরু করেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, পরিবারের আর্থিক ক্ষতির জন্য আগে অনুশোচনা প্রকাশ করেছিলেন টিটন। বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা বা শিডিউল কেনার কথাও জানিয়েছিলেন।
বাদীর অভিযোগ, গরুর হাটের ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।
এজাহারে আরও বলা হয়, ২৭ এপ্রিল টিটন তাঁর বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাঁকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মেটাতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় পাকা সড়কে তাঁর ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
গুলিতে টিটনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহার অনুযায়ী, ঘটনার খবর পেয়ে বাদী যশোর থেকে ঢাকায় রওনা হন। ২৯ এপ্রিল ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে তিনি ভাইয়ের লাশ শনাক্ত করেন। এ সময় নিউমার্কেট থানা-পুলিশের তৈরি করা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময়ও তিনি উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করতে কিছুটা দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে তিনি ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।
সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তাঁর বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।