সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • থার্ড টার্মিনালে বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশ, পূর্ণাঙ্গ চালুতে লাগবে ১৪ মাস এআইয়ের অগ্রগতি মাপতে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহারের পরামর্শ পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মিস ইউনিভার্সে ইসরায়েলি প্রতিযোগীর পোশাকে তিন ভাষায় শান্তির বার্তা মজুরি বৃদ্ধির দাবিতে উত্তেজনা, আশুলিয়ায় সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেবে ডেমোক্র্যাটরা রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা নিয়োগ বন্ধুত্বের আড়ালে ভণ্ডামি, যে ৫ আচরণে চিনবেন ভুয়া বন্ধু আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • থার্ড টার্মিনালে বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশ, পূর্ণাঙ্গ চালুতে লাগবে ১৪ মাস

    থার্ড টার্মিনালে বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশ, পূর্ণাঙ্গ চালুতে লাগবে ১৪ মাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সইয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি সইয়ের পর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

    সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

    বিমানমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত কনসেশন চুক্তি চূড়ান্ত হয়েছে। এখন জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করা হবে। ৩০ নভেম্বরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের। এরপর ১৬ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে টার্মিনালটির কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

    প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে। পরে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইটও নতুন টার্মিনালে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

    তিনি বলেন, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনাল চালুর পরিকল্পনা থাকলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে সেই সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে চারটি ফ্লাইট দিয়ে আংশিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই ধীরে ধীরে কার্যক্রম বাড়ানো হয়।

    পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে কত দিন লাগবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে।

    রাজস্ব ভাগাভাগি বেড়ে ২৭ শতাংশ

    জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শর্ত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কয়েকটি শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে সেগুলো নিয়ে সমাধানের ক্ষেত্রে সরকার খুব বেশি পিছিয়ে নেই।

    চুক্তির একটি শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণ করা যাবে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাই করে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন হবে না। তা ছাড়া একটি বিমানবন্দর নির্মাণ করে সেটিকে পরিচালনায় আনতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। তাই আপাতত এই শর্ত মেনে নেওয়ায় বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

    রাজস্ব ভাগাভাগির বিষয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগের সরকারের সময় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার ছিল ১৫ শতাংশ। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে পেরেছে। ফলে আগের তুলনায় বাংলাদেশ ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে।

    মন্ত্রী আরও বলেন, টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর সময় সব ফ্লাইট সেখানে স্থানান্তর করা হবে না। পর্যায়ক্রমে কার্যক্রম বাড়বে। পূর্ণ সক্ষমতায় পরিচালনা শুরু হলে বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাবে।

    পুরোনো টার্মিনালও ব্যবহারের সুযোগ থাকবে

    নতুন টার্মিনাল চালুর পর বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবনটি ব্যবহার করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলেও পুরোনো টার্মিনাল ব্যবহারের সুযোগ থাকবে। আগামী ১৪ মাস পুরোনো টার্মিনাল আন্তর্জাতিক কার্যক্রমে ব্যবহার করা যাবে।

    বর্তমানে যেসব আন্তর্জাতিক এয়ারলাইনস বিমানবন্দরটি ব্যবহার করছে, সেগুলোকে তৃতীয় টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তবে ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

    পুরোনো টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য এয়ারলাইনসের জন্য ব্যবহারের সম্ভাবনাও রয়েছে বলে জানান রশিদুজ্জামান মিল্লাত। টার্মিনালের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সময়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন