সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • থার্ড টার্মিনালে বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশ, পূর্ণাঙ্গ চালুতে লাগবে ১৪ মাস এআইয়ের অগ্রগতি মাপতে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহারের পরামর্শ পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মিস ইউনিভার্সে ইসরায়েলি প্রতিযোগীর পোশাকে তিন ভাষায় শান্তির বার্তা মজুরি বৃদ্ধির দাবিতে উত্তেজনা, আশুলিয়ায় সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেবে ডেমোক্র্যাটরা রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা নিয়োগ বন্ধুত্বের আড়ালে ভণ্ডামি, যে ৫ আচরণে চিনবেন ভুয়া বন্ধু আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • এআইয়ের অগ্রগতি মাপতে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহারের পরামর্শ

    এআইয়ের অগ্রগতি মাপতে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহারের পরামর্শ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি পরিমাপ ও নিয়ন্ত্রণে নতুন একটি মাপকাঠি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব পাখোচকি। তাঁর মতে, ‘পারপ্লেক্সিটি’ নামের একটি পরিমাপের মাধ্যমে এআই মডেলের অগ্রগতি মূল্যায়ন করা সম্ভব। এ পদ্ধতি ব্যবহার করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উন্নয়নের একটি অভিন্ন সীমাও নির্ধারণ করতে পারবে।

    প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বাড়ছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাবেক এক গবেষক প্রতিষ্ঠান দুটির মধ্যে এআই উন্নয়নের প্রতিযোগিতাকে মানুষের জীবন নিয়ে জুয়া খেলার সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য অ্যানথ্রপিকের জমা দেওয়া নথিতেও এ প্রযুক্তির কারণে সমাজে বড় ধরনের বিপর্যয় কিংবা অস্তিত্বসংকট তৈরির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

    এ পরিস্থিতিতে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণে একটি পরিকল্পনা প্রকাশ করেন। এতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ এবং নিয়ন্ত্রণহীন উন্নয়নের গতি সীমিত করার বিষয়ে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানও পরিকল্পনাটিকে সমর্থন করেছেন।

    তবে এআইয়ের উন্নয়নের গতি সীমিত করতে হলে আগে তা পরিমাপের একটি অভিন্ন পদ্ধতি নির্ধারণ করা জরুরি। এ ক্ষেত্রে পারপ্লেক্সিটি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব পাখোচকি। সম্প্রতি নিজের ব্লগ পোস্টে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তবে একই নামের এআই সার্চ কোম্পানি পারপ্লেক্সিটির সঙ্গে এই পরিমাপের কোনো সম্পর্ক নেই।

    পারপ্লেক্সিটি মূলত একটি ভাষাভিত্তিক এআই মডেল পরবর্তী শব্দ বা টোকেন কতটা নির্ভুলভাবে অনুমান করতে পারে, তা পরিমাপের পদ্ধতি। এ পরিমাপের মান যত কম হয়, মডেলটির পূর্বাভাস দেওয়ার সক্ষমতা তত ভালো বলে বিবেচিত হয়।

    পাখোচকির মতে, এআইয়ের সক্ষমতা যাচাইয়ে প্রচলিত পরীক্ষাগুলো দ্রুত কার্যকারিতা হারাচ্ছে। কারণ, নতুন মডেলগুলো আগের তুলনায় অনেক বেশি দক্ষ হয়ে উঠছে। তবে মডেলের অগ্রগতি বোঝার ক্ষেত্রে পারপ্লেক্সিটি এখনো কার্যকর মাপকাঠি হতে পারে।

    তিনি জানান, জিপিটি-৪ মডেলের পারপ্লেক্সিটি ছিল প্রায় ০.৯১। এ পর্যায়ে মডেলটি ধাপে ধাপে যুক্তি প্রয়োগ করে জটিল সমস্যা সমাধানে দক্ষতা দেখাতে শুরু করে। পরবর্তী সময়ে এ ধরনের সক্ষমতার ভিত্তিতেই আধুনিক রিজনিং মডেলের বিকাশ ঘটে। পারপ্লেক্সিটি ০.৮-এর নিচে নেমে আসার পর সাইবার নিরাপত্তা ও গণিতের মতো ক্ষেত্রেও আরও উন্নত সক্ষমতা দেখা যাচ্ছে।

    পাখোচকির প্রস্তাব অনুযায়ী, এআইয়ের সামগ্রিক বুদ্ধিমত্তা ও অগ্রগতি মূল্যায়নে পারপ্লেক্সিটিকে অভিন্ন মানদণ্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। এ মাপকাঠির ভিত্তিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উন্নয়নের একটি নির্দিষ্ট সীমা ঠিক করতে পারবে। এআইয়ের আচরণ বোঝা এবং তা নজরদারির সক্ষমতা নির্দিষ্ট পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত ওই সীমা অতিক্রম না করার বিষয়েও প্রতিষ্ঠানগুলো সমঝোতায় আসতে পারে।

    ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান পাখোচকির ব্লগ পোস্টকে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাগুলোর একটি বলে মন্তব্য করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন