সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেবে ডেমোক্র্যাটরা রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা নিয়োগ বন্ধুত্বের আড়ালে ভণ্ডামি, যে ৫ আচরণে চিনবেন ভুয়া বন্ধু আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ঢাকার বস্তি উন্নয়নেও প্রকল্প নিচ্ছে সরকার, সহযোগিতা দেবে বিশ্বব্যাংক গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হোক আবারও বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না মারক্রাম, প্রশংসা করলেন ব্যাটিংয়ের বিকিনি নয়, ফুলহাতা পোশাকে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি
  • কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেবে ডেমোক্র্যাটরা

    কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেবে ডেমোক্র্যাটরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারি থেকে দলটির নেতৃত্বে কংগ্রেসের নতুন মেয়াদ শুরু হবে। আর নতুন মেয়াদের শুরুতেই ‘বেপরোয়া ও ব্যয়বহুল’ ইরান যুদ্ধ বন্ধের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির প্রতিনিধি পরিষদ শাখার নেতা ও পরবর্তী মেয়াদে সম্ভাব্য স্পিকার হাকিম জেফরি।

    শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকিম জেফরি বলেন, “এই ইচ্ছাকৃত, বেপরোয়া, ব্যয়বহুল যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাস, খাদ্য ও ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে। এছাড়া ট্রাম্পের আরোপ করা শুল্কের জেরে সাধারণ মার্কিনিদের ওপর প্রতি বছর হাজার হাজার ডলারের বাড়তি খরচের বোঝা চেপেছে। জনগণকে অর্থনৈতিক স্বস্তি দেওয়ার ক্ষেত্রে এই সংঘাত বন্ধ করার চেয়ে জরুরি আর কিছু হতে পারে না। এটা আসলে শুরু হওয়াই উচিত ছিল না। কংগ্রেসের নতুন মেয়াদে এই ইরান যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়া হবে।”

    জেফরি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে এখনই যুদ্ধ বন্ধ করতে পারেন। কংগ্রেসের ব্যয়সংক্রান্ত আইনের মাধ্যমে কীভাবে এই সংঘাতের অবসান ঘটানো যায়, তা নিয়েও ডেমোক্র্যাটরা আলোচনা করছেন।

    ইরান যুদ্ধের প্রভাব তুলে ধরে তিনি বলেন, “এই যুদ্ধের কারণে ইরান আগের তুলনায় এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। পাশাপাশি এই সংঘাত আগে থেকেই অস্থিতিশীল আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।”

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন ট্রাম্প। সে সময়ও এ অভিযানের বিরোধিতা করেছিলেন প্রতিনিধি পরিষদ ও সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। তবে তখন কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাটদের বিরোধিতা কার্যকর হয়নি। ফলে যুদ্ধের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তে কংগ্রেসের ভেতর থেকে বড় কোনো বাধা আসেনি।

    তবে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পরিস্থিতি বদলে গেছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ২৫৮টি আসনে জয় পেয়েছে, যা ১৯৯২ সালের পর দলটির সর্বোচ্চ সাফল্য। অন্যদিকে, উচ্চকক্ষ সিনেটে দলটি পেয়েছে ৫৬টি আসন। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটিই সিনেটে দলটির সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা।

    আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন মেয়াদে প্রতিনিধি পরিষদের স্পিকার পদে মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরি। আগামী ৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার কারণে নতুন স্পিকার হিসেবে জেফরির দায়িত্ব পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

    সাক্ষাৎকারে গাজার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন জেফরি। তিনি বলেন, “গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে মৃত্যু, ধ্বংসলীলা ও বিপর্যয় নেমে এসেছে, তা অগ্রহণযোগ্য, অসহনীয় এবং মার্কিন মূল্যবোধের পরিপন্থী।”

    ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের (টু-স্টেট সলিউশন) পক্ষে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জেফরি। তাঁর মতে, নিরাপদ ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়ার প্রাথমিক পদক্ষেপ হতে পারে এই সমাধানের বাস্তবায়ন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন