বিকিনি নয়, ফুলহাতা পোশাকে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী সাজে হাজির হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। অন্য প্রতিযোগীদের বেশির ভাগকে বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেলেও মাহি বেছে নিয়েছেন ভিন্ন পথ। পুরো শরীর ঢাকা ফিটিং নীল রঙের পোশাকে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন তিনি।
সুইমস্যুট পর্বে সাধারণত প্রতিযোগীরা নিজেদের আত্মবিশ্বাস ও শারীরিক সৌন্দর্য তুলে ধরতে বিকিনিসহ বিভিন্ন ধরনের সাঁতারের পোশাক পরেন। তবে মাহিকে দেখা গেছে ফুলহাতার নীল পোশাকে। এর সঙ্গে ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পোশাক ও উপস্থাপনায় তাঁর এই ভিন্নতা আলাদা করে নজর কেড়েছে।
স্থানীয় সময় রোববার রাতে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাহি। নিজের এক পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।
<text color="secondary" size="xs">ফুলহাতার পোশাকে মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে সামিরা খান মাহি</text>
মাহির এই ব্যতিক্রমী উপস্থিতি প্রশংসা পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ভিন্নধর্মী উপস্থাপনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মধ্য দিয়ে তুলে ধরেন মাতৃত্বের বার্তা।
উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।