বন্ধুত্বের আড়ালে ভণ্ডামি, যে ৫ আচরণে চিনবেন ভুয়া বন্ধু

বাইরে থেকে কোনো বন্ধুত্বকে যতই ঘনিষ্ঠ মনে হোক, সব সম্পর্কের পেছনে আন্তরিকতা থাকে না। অনেক সময় বড় কোনো ঘটনা নয়, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণেই বন্ধুত্বের প্রকৃত রূপ প্রকাশ পায়। আপনার সাফল্যে কারও প্রতিক্রিয়া কেমন, আপনার অনুপস্থিতিতে সে কীভাবে আচরণ করে কিংবা বিপদের সময় পাশে থাকে কি না—এসব বিষয় থেকে বন্ধুত্বের গভীরতা বোঝা যায়।
একবার কোনো ভুল আচরণ করলেই কাউকে ভুয়া বন্ধু বলা যায় না। তবে একই ধরনের নেতিবাচক আচরণ বারবার ঘটলে তা নিয়ে ভাবার যথেষ্ট কারণ রয়েছে। বন্ধুত্বের আড়ালে কেউ আন্তরিক নয় কি না, তা বোঝার পাঁচটি লক্ষণ জেনে নেওয়া যাক।
১. কেবল প্রয়োজনেই যোগাযোগ করে
কিছু বন্ধু আছেন, যাঁদের কাছ থেকে বেশির ভাগ সময় কোনো অনুরোধ বা সাহায্য চাওয়ার বার্তা আসে। নিজের কোনো সমস্যা সমাধানের প্রয়োজন হলে তাঁরা যোগাযোগ করেন। কিন্তু আপনার যখন সাহায্যের প্রয়োজন হয় কিংবা কারও সঙ্গে মন খুলে কথা বলতে ইচ্ছে করে, তখন তাঁদের খুঁজে পাওয়া যায় না। এ ধরনের একতরফা যোগাযোগ বন্ধুত্বের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ, প্রকৃত বন্ধুত্বে দেওয়া-নেওয়া দুটোই থাকা প্রয়োজন।
২. আপনার সাফল্যে খুশি হতে পারে না
আপনার কোনো অর্জন বা সুখবর শুনে একজন আন্তরিক বন্ধু সাধারণত আনন্দিত হন। কিন্তু কেউ যদি আপনার সাফল্যকে অন্যের অর্জনের সঙ্গে তুলনা করেন কিংবা সেটিকে ছোট করে দেখানোর চেষ্টা করেন, তাহলে বিষয়টি লক্ষণীয়। একবারের অস্বস্তিকর প্রতিক্রিয়া দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। তবে বারবার আপনার আনন্দকে ম্লান করে দেওয়ার প্রবণতা থাকলে তাঁর মনোভাব নিয়ে ভাবা প্রয়োজন।
৩. ব্যক্তিগত কথা অন্যদের কাছে প্রকাশ করে
বিশ্বাস করে কোনো ব্যক্তিগত বিষয় বন্ধুকে বলার পর তা অন্যের কাছ থেকে শুনতে পাওয়া খুবই বিব্রতকর। একজন প্রকৃত বন্ধু বোঝেন, ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা রক্ষা করা জরুরি। বিশেষ কোনো গুরুতর কারণ না থাকলে আপনার অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। কেউ বারবার এমন কাজ করলে তাঁর ওপর আস্থা রাখা কঠিন হয়ে পড়ে।
৪. আপনাকে নিয়ে বারবার উপহাস করে
বন্ধুদের মধ্যে হাসি-ঠাট্টা স্বাভাবিক। তবে সেই মজা যখন কারও দুর্বলতা, ব্যক্তিগত অনিরাপত্তা কিংবা স্পর্শকাতর বিষয়কে ঘিরে বারবার করা হয়, তখন তা আর নিছক আনন্দের বিষয় থাকে না। আপনি কোনো মন্তব্যে কষ্ট পাওয়ার কথা জানানোর পরও কেউ যদি একই আচরণ চালিয়ে যান, তাহলে বুঝতে হবে তিনি আপনার অনুভূতিকে যথাযথ গুরুত্ব দিচ্ছেন না।
৫. কঠিন সময়ে পাশে থাকে না
আনন্দ-উৎসব, ঘোরাঘুরি কিংবা আড্ডার সময় অনেক বন্ধুকেই পাশে পাওয়া যায়। কিন্তু জীবনের কঠিন সময়ে তাঁদের কেউ কেউ আর যোগাযোগ রাখেন না। একজন বন্ধুর পক্ষে আপনার সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, তবে বিপদের সময় একটু খোঁজ নেওয়া, মনোযোগ দিয়ে কথা শোনা কিংবা সামান্য সহানুভূতি দেখানোও অনেক গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে বারবার অনুপস্থিত থাকা বন্ধুত্বের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।