বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, উদ্বেগ রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পর্যটন কার্নিভালের জন্য ঝাউবাগানের গাছ কাটা হয়নি: প্রশাসন প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত শি-ট্রাম্প-পুতিনের নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুটি গিনেস রেকর্ড একনেকে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা
  • সঙ্গীর মন খারাপ হলে যে ৫টি কাজ এড়িয়ে চলবেন

    সঙ্গীর মন খারাপ হলে যে ৫টি কাজ এড়িয়ে চলবেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সঙ্গীর মন খারাপ হলে অনেকেই দ্রুত সমস্যার সমাধান করতে চান। কেউ নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন, কেউ পরামর্শ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। আবার কেউ সঙ্গীকে বেশি চিন্তা না করার কথাও বলেন। কিন্তু ভালো উদ্দেশ্য থেকে করা এসব আচরণ কখনো কখনো পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

    কারণ, মন খারাপের মুহূর্তে সঙ্গী হয়তো কোনো সমাধান চান না। বরং চান, কেউ মনোযোগ দিয়ে তাঁর কথা শুনুক এবং কষ্টের কারণটি বোঝার চেষ্টা করুক। তাই এমন সময়ে কিছু আচরণ এড়িয়ে চলা জরুরি। জেনে নিন সঙ্গীর মন খারাপ হলে যে পাঁচটি বিষয় করা উচিত নয়—

    ১. তাকে বলা যে সে অহেতুক বাড়াবাড়ি করছে

    আপনার কাছে কোনো বিষয় খুব গুরুতর মনে না হলেও সঙ্গীর কাছে সেটি কষ্টের কারণ হতে পারে। এমন অবস্থায় তাঁকে অহেতুক বাড়াবাড়ি করছেন বললে তাঁর মনে হতে পারে, তাঁর অনুভূতিকে আপনি গুরুত্ব দিচ্ছেন না।

    এর পরিবর্তে কী কারণে তাঁর মন খারাপ হয়েছে, তা জানতে চান। মনোযোগ দিয়ে তাঁর কথা শুনুন। তাঁর সব কথার সঙ্গে একমত হতে হবে না, তবে তাঁর অনুভূতিকে সম্মান করা প্রয়োজন।

    ২. তাৎক্ষণিকভাবে নিজের পক্ষে সাফাই গাওয়া

    সঙ্গী যদি বলেন, আপনার কোনো কথায় তিনি কষ্ট পেয়েছেন, তখন হয়তো আপনার প্রথম প্রতিক্রিয়া হবে, ‘আমি তো এভাবে বলতে চাইনি!’ আপনার বক্তব্যের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকলেও সঙ্গে সঙ্গে আত্মপক্ষ সমর্থন করতে গেলে সঙ্গীর মনে হতে পারে, আপনি তাঁর কষ্টের বিষয়টি বুঝতে চাইছেন না।

    তাই আগে তাঁকে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ দিন। কেন কষ্ট পেয়েছেন, তা মনোযোগ দিয়ে শুনুন। এরপর তাঁর অভিজ্ঞতাকে অস্বীকার না করে নিজের বক্তব্য বা উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারেন।

    ৩. তাকে তাৎক্ষণিকভাবে কথা বলতে বাধ্য করা

    কেউ সমস্যা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তা নিয়ে কথা বলতে চান। আবার কারও মন শান্ত করতে কিছুটা সময় প্রয়োজন হয়। সঙ্গী যদি একা থাকতে চান বা কিছুটা সময় চান, তাহলে বারবার প্রশ্ন করে তাঁকে বিরক্ত করবেন না।

    বরং তাঁকে সময় দিন এবং জানিয়ে রাখুন, তিনি যখন কথা বলতে প্রস্তুত হবেন, তখন আপনি শুনতে আগ্রহী। সমস্যাটি নিয়ে আলোচনা জরুরি হলে দুজনের সুবিধামতো একটি সময়ও ঠিক করে নিতে পারেন।

    ৪. শুধু কথা শুনতে চাইলে পরামর্শ দেওয়া

    কর্মক্ষেত্রের সমস্যা, বন্ধুর সঙ্গে মনোমালিন্য কিংবা অন্য কোনো বিষয় নিয়ে সঙ্গী আপনার সঙ্গে কথা বলতে পারেন। আপনি হয়তো দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তিনি হয়তো সমাধান চান না, শুধু নিজের কষ্টের কথা কাউকে জানাতে চান।

    এ ক্ষেত্রে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, ‘তুমি কি আমার কাছে কোনো পরামর্শ চাও, নাকি শুধু তোমার কথাগুলো শুনতে বলছ?’ ছোট্ট এই প্রশ্নটি ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় হতাশা এড়াতে সাহায্য করতে পারে।

    ৫. পুরোনো তর্ক টেনে আনা

    বর্তমান কোনো সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে পুরোনো ভুল বা বিরোধ সামনে আনা সম্পর্কের পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। এতে আলোচনার মূল বিষয় থেকে মনোযোগ সরে যায় এবং নতুন করে তর্কের সৃষ্টি হয়।

    তাই যে সমস্যা নিয়ে কথা হচ্ছে, সেটির মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। অতীতের কোনো ঘটনা যদি এখনো আপনাকে কষ্ট দেয়, তাহলে সেটি নিয়ে আলাদা সময়ে কথা বলুন। প্রতিবার মতবিরোধের সময় পুরোনো বিষয় সামনে আনা থেকে বিরত থাকুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ