কারও প্রতি ক্রাশ থাকলে যে ৫ আচরণে ধরা পড়ে মনের কথা

কারও প্রতি ভালো লাগা বা ক্রাশ তৈরি হলে মানুষের আচরণে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সাধারণত যিনি মেসেজের উত্তর দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় নেন, বিশেষ কারও বার্তা এলেই হয়তো মুহূর্তের মধ্যে জবাব দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কে স্টোরি দেখল, তা নিয়ে যাঁর কোনো আগ্রহ নেই, তিনিও তখন বিশেষ একজনের নাম খুঁজতে ভিউয়ার তালিকায় চোখ রাখেন।
মজার বিষয় হলো, অধিকাংশ মানুষই মনে করেন, তাঁরা নিজেদের অনুভূতি বেশ ভালোভাবে আড়াল করতে পারছেন। কিন্তু অজান্তেই তাঁদের আচরণে প্রকাশ পায় মনের কথা। কারও প্রতি ভালো লাগা তৈরি হলে সাধারণত পাঁচ ধরনের পরিবর্তন দেখা যায়।
হঠাৎ ইনস্টাগ্রাম স্টোরি দেওয়ার আগ্রহ বেড়ে যাওয়া
যিনি সাধারণত ইনস্টাগ্রামে খুব একটা সক্রিয় নন, তিনিও বিশেষ কাউকে ভালো লাগার পর নিয়মিত স্টোরি দিতে শুরু করতে পারেন। কফির কাপ, পছন্দের গান, সূর্যাস্ত কিংবা দৈনন্দিন জীবনের ছোটখাটো মুহূর্ত—সবকিছুই জায়গা পায় তাঁর স্টোরিতে।
যদিও স্টোরিগুলো সবার জন্যই দেওয়া হয়, মনে মনে অপেক্ষা থাকে বিশেষ মানুষটির প্রতিক্রিয়ার। ভিউয়ার তালিকায় তাঁর নাম দেখা কিংবা তাঁর কাছ থেকে একটি ছোট্ট রিপ্লাই পাওয়া—এতেই ভালো কেটে যেতে পারে পুরো দিন।
কথা বলার জন্য অজুহাত খোঁজা
কাউকে ভালো লাগলে তাঁর সঙ্গে কথা বলার জন্য মানুষ নানা ধরনের অজুহাত খুঁজতে থাকে। এমন প্রশ্নও করে বসে, যার উত্তর আগে থেকেই জানা। কখনো অপ্রাসঙ্গিক কোনো মিম পাঠায়, আবার কখনো হঠাৎ মনে পড়েছে এমন ভান করে শুরু করে নতুন আলোচনা।
এমনকি কোনো জনপ্রিয় সিরিজ বা অনুষ্ঠান দেখেছেন কি না, এমন সাধারণ প্রশ্নও দীর্ঘ সময় কথা চালিয়ে যাওয়ার উপলক্ষ হয়ে উঠতে পারে। মূল উদ্দেশ্য থাকে একটাই—কোনোভাবে কথোপকথনটা একটু দীর্ঘ করা।
ছোটখাটো বিষয়ও মনে রাখা
নিজের দৈনন্দিন জীবনের অনেক কিছু ভুলে গেলেও বিশেষ মানুষটির পছন্দ-অপছন্দ ঠিকই মনে থাকে। তাঁর প্রিয় খাবার কী, কোন গান শুনতে ভালোবাসেন, বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কোনো মিটিং আছে কি না—এমন খুঁটিনাটি তথ্যও সহজে ভুলতে পারেন না।
কথার ফাঁকে স্বাভাবিকভাবেই এসব বিষয় তুলে ধরেন অনেকে। এতে একদিকে যেমন অপর ব্যক্তির প্রতি মনোযোগ প্রকাশ পায়, অন্যদিকে মনে মনে প্রত্যাশা থাকে, তিনি যেন বুঝতে পারেন তাঁকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে।
সামনে এলেই আচরণ বদলে যাওয়া
বন্ধুদের সঙ্গে যিনি প্রাণবন্ত ও হাসিখুশি, পছন্দের মানুষটি সামনে এলেই তাঁর আচরণ বদলে যেতে পারে। কেউ হঠাৎ চুপচাপ হয়ে যান, কেউ আবার অকারণে বেশি হাসতে থাকেন। অনেকে ফোন নিয়ে ব্যস্ত থাকার ভান করেন, আবার কেউ নিজের বসার ভঙ্গি কিংবা কথা বলার ধরন নিয়েও অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন।
বিশেষ মানুষটির সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করতে গিয়ে অনেক সময় আরও অস্বাভাবিক আচরণ করে বসেন তাঁরা। বিষয়টি হয়তো পছন্দের মানুষটির চোখ এড়িয়ে যায়, কিন্তু কাছের বন্ধুরা ঠিকই বুঝতে পারেন।
ছোট ঘটনাও বন্ধুদের আলোচনার বিষয় হয়ে ওঠা
পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া একটি সাধারণ বার্তা, ছোট্ট প্রশংসা কিংবা কথোপকথনের সামান্য অংশও তখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এসব ঘটনা বন্ধুদের গ্রুপ চ্যাটে শেয়ার করা হয়। স্ক্রিনশট দেখিয়ে চলে নানা বিশ্লেষণ।
একটি হাসির ইমোজি কিংবা সাধারণ কোনো মন্তব্যের মধ্যেও বিশেষ অর্থ খোঁজার চেষ্টা করেন অনেকে। বন্ধুদের সঙ্গে শুরু হয় দীর্ঘ আলোচনা—কেন তিনি এমন বললেন, এর পেছনে কোনো ইঙ্গিত আছে কি না। ছোট্ট একটি ঘটনাকে ঘিরেই তৈরি হয় নানা রকম প্রত্যাশা ও কল্পনা।