পুরুষের শরীরে হরমোনের ভারসাম্যহীনতার যেসব লক্ষণ অবহেলা করবেন না

শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম, ক্ষুধা, বিপাক, যৌনস্বাস্থ্য এমনকি মেজাজ ও মানসিক অবস্থার ওপরও এসব রাসায়নিক উপাদানের প্রভাব রয়েছে। তবে বয়স, জীবনযাপন ও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে পুরুষের শরীরে হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে।
পুরুষের শরীরে টেস্টোস্টেরন, থাইরয়েড হরমোন, ইনসুলিন ও কর্টিসলের মাত্রায় অস্বাভাবিকতা দেখা দিলে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমতে পারে।
যেসব লক্ষণ অবহেলা করা ঠিক নয়
হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে—
কোনো স্পষ্ট কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া।
অতিরিক্ত ঘাম হওয়া কিংবা গরম ও ঠান্ডা সহ্য করতে অসুবিধা।
ঘুমের সমস্যা এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি।
যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া।
মেজাজ খিটখিটে হওয়া, উদ্বেগ কিংবা বিষণ্ণতা।
অতিরিক্ত তৃষ্ণা ও ঘন ঘন প্রস্রাব।
ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং চুলের পরিবর্তন।
হৃদস্পন্দন ও রক্তচাপের অস্বাভাবিকতা।
কেন হয় হরমোনের ভারসাম্যহীনতা
দীর্ঘদিনের মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যা হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, স্টেরয়েডের অপব্যবহার এবং হরমোন উৎপাদনকারী গ্রন্থির সমস্যাও এর কারণ হতে পারে।
হরমোনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখবেন যেভাবে
শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম প্রয়োজন। পাশাপাশি অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও জরুরি।
তবে এসব লক্ষণ দেখা দিলেই হরমোনের সমস্যা হয়েছে, এমনটি ধরে নেওয়া ঠিক নয়। অন্য শারীরিক সমস্যার কারণেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে কোনো লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া হরমোনের ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।