রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা রাজধানী পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান
  • নবদম্পতির সংসারে অশান্তির কারণ হতে পারে যেসব ছোট অভ্যাস

    নবদম্পতির সংসারে অশান্তির কারণ হতে পারে যেসব ছোট অভ্যাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ের পরের জীবন মানেই শুধু রোমান্স, ঘুরে বেড়ানো আর মধুর মুহূর্ত নয়। একসঙ্গে থাকতে শুরু করার পরই বরং দুজন মানুষের অভ্যাস, পছন্দ-অপছন্দ ও জীবনযাপনের পার্থক্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। টুথপেস্টের টিউব কীভাবে চাপতে হবে, ভেজা তোয়ালে কোথায় রাখা উচিত কিংবা রাতে কখন ঘুমাতে যাওয়া ভালো—এমন তুচ্ছ বিষয়ও কখনো কখনো ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়।

    এতদিন আলাদা পরিবেশে বেড়ে ওঠা দুজন মানুষ যখন একই ঘর, রান্নাঘর ও দৈনন্দিন ব্যবহার্য জিনিস ভাগাভাগি করেন, তখন মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। তবে এসব মতবিরোধকে সম্পর্কের বড় সংকট ভাবার কারণ নেই। পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে বেশির ভাগ সমস্যাই সহজে মিটিয়ে ফেলা সম্ভব। বিয়ের প্রথম বছরে নবদম্পতিদের মধ্যে সাধারণত যে ছয়টি বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়, সেগুলো জেনে নেওয়া যাক।

    ১. বাসনপত্র পরিষ্কার করা নিয়ে মতবিরোধ

    রাতের খাবার শেষে সিঙ্কে পড়ে থাকা একটি প্লেট থেকেই শুরু হতে পারে ঝগড়া। একজন হয়তো চান খাওয়ার পরপরই সব বাসন ধুয়ে ফেলতে, অন্যজন ভাবেন সকালে করলেও সমস্যা নেই। ঘরের কাজ কে কখন করবেন, তা নিয়ে আগে থেকে সমঝোতা না থাকলে এই ছোট বিষয়ই বড় বিরক্তির কারণ হয়ে উঠতে পারে।

    অনেক সময় দুজনই মনে করেন, সংসারের কাজের চাপ তাঁর ওপরই বেশি পড়ছে। অথচ কেউই বিষয়টি সরাসরি আলোচনা করেন না। তাই কাজের দায়িত্ব ভাগ করে নেওয়া এবং একে অপরের পরিশ্রমের মূল্যায়ন করা জরুরি। এতে রান্নাঘর আর মনোমালিন্যের জায়গা হয়ে থাকবে না।

    ২. প্রতিদিনের খাবারের মেনু ঠিক করা

    ‘আজ কী খাবে?’—প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়েই অনেক দম্পতির মধ্যে শুরু হয় তর্ক। একজন হয়তো ঝাল ও মসলাযুক্ত খাবার পছন্দ করেন, অন্যজন চান হালকা কিছু। কারও পছন্দ ঘরে রান্না করা খাবার, আবার কেউ বাইরে থেকে খাবার আনাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

    শুধু খাবারের পছন্দ নয়, কে রান্না করবেন, কে বাজার করবেন কিংবা সপ্তাহের খাবারের তালিকা কে ঠিক করবেন—এসব নিয়েও মতের অমিল দেখা দিতে পারে। তাই প্রতিদিন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না নিয়ে দুজনের পছন্দ বিবেচনায় আগেই খাবারের পরিকল্পনা করে রাখা ভালো।

    ৩. ঘুমানোর সময় ও অভ্যাসের পার্থক্য

    একই বিছানায় ঘুমালেই যে দুজনের ঘুমের অভ্যাস এক হবে, এমন নয়। একজন হয়তো ঘর পুরো অন্ধকার ও ঠান্ডা রাখতে পছন্দ করেন, অন্যজন চান হালকা আলো ও ফ্যান চালু থাকুক। কেউ রাতে ফোন দেখতে দেখতে ঘুমান, আবার কারও কাছে ফোনের সামান্য আলোও বিরক্তিকর।

    এর সঙ্গে নাক ডাকা, কম্বল টানাটানি কিংবা ঘুম থেকে ওঠার সময়ের পার্থক্য যুক্ত হলে বিরক্তি আরও বাড়তে পারে। এ ক্ষেত্রে আলাদা কম্বল ব্যবহার, আই মাস্ক পরা কিংবা ঘুমানোর আগে ফোন ব্যবহারের সময় নির্ধারণের মতো ছোট উদ্যোগ কাজে আসতে পারে।

    ৪. ঘরের তাপমাত্রা নিয়ে টানাপোড়েন

    একজনের কাছে যে তাপমাত্রা আরামদায়ক, অন্যজনের কাছে তা অসহনীয় হতে পারে। গরমের দিনেও কেউ এসির তাপমাত্রা কমিয়ে রাখতে চান, আবার অন্যজনের ঠান্ডায় কষ্ট হয়। ফলে এসির রিমোট নিয়ে শুরু হয় নীরব প্রতিযোগিতা।

    এ ধরনের বিরোধ এড়াতে দুজনের জন্য সহনীয় একটি তাপমাত্রা ঠিক করা যেতে পারে। প্রয়োজনে একজন হালকা পোশাক পরতে পারেন, অন্যজন ব্যবহার করতে পারেন বাড়তি কম্বল। একে অপরের স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রাখলেই এ নিয়ে অযথা মনোমালিন্য কমবে।

    ৫. অগোছালো অভ্যাস ও জিনিসপত্রের ব্যবহার

    ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখা, চেয়ারের ওপর কাপড় জমিয়ে রাখা কিংবা ঘরের মাঝখানে জুতা রেখে দেওয়া—একজনের কাছে এসব স্বাভাবিক হলেও অন্যজনের জন্য বিরক্তির কারণ হতে পারে। কারণ, পরিচ্ছন্নতা ও গোছানোর বিষয়ে প্রত্যেকের ধারণা এক রকম নয়।

    সঙ্গীর অভ্যাস বদলে দেওয়ার চেষ্টা না করে দুজনের সম্মতিতে কিছু সাধারণ নিয়ম তৈরি করা ভালো। যেমন, জুতা রাখার নির্দিষ্ট জায়গা, ব্যবহৃত কাপড়ের জন্য লন্ড্রি বাস্কেট এবং প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখার ব্যবস্থা। এতে ছোটখাটো বিষয় নিয়ে প্রতিদিনের বিরোধ এড়ানো সম্ভব।

    ৬. ফোন, টেলিভিশন ও স্ক্রিন টাইম

    একই ঘরে বসে থেকেও একজন যদি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকেন, তাহলে অন্যজন নিজেকে অবহেলিত মনে করতে পারেন। খাবার টেবিলে ফোন ব্যবহার, মেসেজের উত্তর দিতে ব্যস্ত থাকা কিংবা টেলিভিশনে কী দেখা হবে—এসব নিয়েও নবদম্পতিদের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

    অনেক সময় রিমোট কন্ট্রোল নিয়ে তর্কের পেছনে থাকে একসঙ্গে সময় কাটানোর আকাঙ্ক্ষা কিংবা নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা। এ সমস্যা কমাতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ফোন ও অন্যান্য পর্দা থেকে দূরে থেকে দুজনের একান্ত সময় কাটানো যেতে পারে। এতে পারস্পরিক যোগাযোগ বাড়বে, সম্পর্কেও আসবে উষ্ণতা।

    বিয়ের প্রথম বছর মূলত একে অপরকে নতুন করে জানার ও মানিয়ে নেওয়ার সময়। তাই ছোটখাটো অভ্যাস নিয়ে বিরক্ত না হয়ে খোলামেলা আলোচনা, দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতা গড়ে তোলাই সুখী দাম্পত্যের অন্যতম ভিত্তি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন