ঠোঁট শুষ্ক না করেই ম্যাট লিপস্টিক ব্যবহারের ৬ উপায়

ঠোঁটের সাজে লিপস্টিকের গুরুত্ব আলাদা। কারও পছন্দ চকচকে লিপগ্লস, আবার কেউ পরিপাটি ও মার্জিত সাজের জন্য বেছে নেন ম্যাট লিপস্টিক। তবে দীর্ঘস্থায়ী এই লিপস্টিক ব্যবহারের পর অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যায়। কখনো চামড়া ওঠে, আবার দেখা দেয় ফাটার সমস্যাও।
তাই অনেকের প্রশ্ন, ম্যাট লিপস্টিক ব্যবহার করলেই কি ঠোঁট ফেটে যায়? এর উত্তর হলো, সব ক্ষেত্রে নয়। লিপস্টিকের ফর্মুলা, ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা এবং ব্যবহারের আগে-পরে পরিচর্যার ওপর বিষয়টি অনেকটাই নির্ভর করে। কিছু নিয়ম মেনে চললে ম্যাট লুকের পাশাপাশি ঠোঁটের কোমলতাও বজায় রাখা সম্ভব।
ম্যাট লিপস্টিকের অন্যতম বৈশিষ্ট্য হলো এর দীর্ঘস্থায়ী ও অনুজ্জ্বল ফিনিশ। এ ধরনের লিপস্টিকে কিছু ফর্মুলায় ময়েশ্চারাইজিং উপাদান তুলনামূলক কম থাকে। ফলে আগে থেকেই শুষ্ক ঠোঁটে এটি ব্যবহারের পর খসখসে ভাব ও ফাটল আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। নিয়মিত যত্নের অভাবে ঠোঁটের চামড়া ওঠার সমস্যাও বাড়তে পারে।
ঠোঁটের যত্নে রাখুন নিয়মিত রুটিন
ঠোঁটের ওপর জমে থাকা মৃত কোষ দূর করতে মৃদু এক্সফোলিয়েশন সহায়ক হতে পারে। তবে ঠোঁটের ত্বক খুবই সংবেদনশীল। তাই জোরে ঘষাঘষি করা বা নিয়মিত স্ক্রাব ব্যবহার করা ঠিক নয়। ঠোঁট ফাটা, ক্ষত বা জ্বালাপোড়া থাকলে স্ক্রাব এড়িয়ে চলুন। বরং প্রয়োজন অনুযায়ী সাধারণ লিপ বাম ব্যবহার করুন।
লিপস্টিকের আগে লিপ বাম
ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে আর্দ্রতা ফিরিয়ে আনা জরুরি। এ জন্য লিপ বাম লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর অতিরিক্ত বাম টিস্যু দিয়ে আলতোভাবে মুছে নিয়ে লিপস্টিক ব্যবহার করতে পারেন। এতে ঠোঁটের শুষ্কতা কম দৃশ্যমান হয় এবং লিপস্টিকও তুলনামূলক ভালোভাবে বসে।
নিখুঁত লুকের জন্য লিপ প্রাইমার
মেকআপে মুখের ত্বকের পাশাপাশি ঠোঁটের জন্যও প্রাইমার ব্যবহার করা যায়। লিপ প্রাইমার ঠোঁটে মসৃণ একটি ভিত্তি তৈরি করতে সাহায্য করে। ফলে লিপস্টিক তুলনামূলক সমানভাবে বসে এবং ঠোঁটের সূক্ষ্ম রেখা ও খসখসে ভাব কম চোখে পড়ে। তবে এটি লিপ বামের বিকল্প নয়।
পর্যাপ্ত পানি পান ও অভ্যাসে পরিবর্তন
ঠোঁটের সুস্থতা শুধু প্রসাধনীর ওপর নির্ভর করে না। শরীরে পানির ঘাটতি থাকলে ঠোঁটও শুষ্ক হয়ে যেতে পারে। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। পাশাপাশি ঠোঁট বারবার জিহ্বা দিয়ে ভেজানো এবং ধূমপানের অভ্যাস এড়িয়ে চলা ভালো। ঠোঁট কামড়ানো বা চামড়া টেনে তোলার অভ্যাসও ক্ষতিকর হতে পারে।
লিপস্টিক কেনার আগে ফর্মুলা যাচাই করুন
সব ম্যাট লিপস্টিকের উপাদান ও ফর্মুলা এক নয়। বাজারে এখন হাইড্রেটিং ম্যাট ও ক্রিমি ম্যাট ধরনের লিপস্টিকও পাওয়া যায়। তাই শুধু রং বা দীর্ঘস্থায়িত্ব বিবেচনা না করে পণ্যের উপাদান ও ঠোঁটের সঙ্গে মানানসই কি না, তা যাচাই করা উচিত। সংবেদনশীল ঠোঁট হলে সুগন্ধি বা জ্বালাপোড়া তৈরি করতে পারে এমন উপাদানযুক্ত পণ্য এড়িয়ে চলুন।
ম্যাট লিপস্টিক ব্যবহারের পরও যদি ঠোঁটের শুষ্কতা, ফাটল বা জ্বালাপোড়া দীর্ঘদিন থাকে, তাহলে ব্যবহার বন্ধ করে প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
সুন্দর ঠোঁটের সাজের জন্য স্বাভাবিক কোমলতা বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই। উপযুক্ত প্রসাধনী নির্বাচন, নিয়মিত পরিচর্যা এবং স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে ম্যাট লুকের পাশাপাশি ঠোঁটের সুস্থতাও বজায় রাখা সম্ভব।