ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭১৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেটে ২১ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২১৯ জনের।
এ ছাড়া খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৪৬ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩১ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।