মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ৭ বাংলাদেশির

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে তাঁদের বহনকারী বাসটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
নিহত সাতজনই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। নিহত ব্যক্তিরা একাধিক পরিবারের সদস্য। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
নিহত ব্যক্তিদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৫ জনকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। কনস্যুলেটের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।