সঙ্গী খোঁজার আয়োজনে ১৬ জনকে বিনা খরচে ফিনল্যান্ডে নিচ্ছে পর্যটন সংস্থা

মনের মানুষের খোঁজে এবার বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের নিয়ে ‘ফিনিশ ডিনার ডেট’ নামে ব্যতিক্রমী এ আয়োজন করেছে ফিনল্যান্ডের পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। এতে নির্বাচিত ১৬ জনের বিমানভাড়া, থাকা-খাওয়া ও নির্ধারিত কার্যক্রমের খরচ বহন করবে আয়োজকেরা। আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে এ বিশেষ ভ্রমণের আয়োজন করা হবে। ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত চার দিনের কর্মসূচিতে অংশ নেবেন নির্বাচিত ব্যক্তিরা। তাঁদের ঘুরে দেখানো হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের শহর তামপেরে।
কেন এই আয়োজন?
বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় নিয়মিত শীর্ষে থাকা ফিনল্যান্ডের খাবার, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের পরিচয় করিয়ে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সেই সঙ্গে ভিন্ন দেশের সিঙ্গেল ব্যক্তিদের একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করতে চায় ‘ভিজিট ফিনল্যান্ড’।
ভ্রমণে যেসব সুযোগ থাকছে
নির্বাচিত ১৬ জনকে দুটি দলে ভাগ করা হবে। প্রতিটি দলে থাকবেন আটজন আন্তর্জাতিক পর্যটক। তাঁদের সঙ্গে যোগ দেবেন ফিনল্যান্ডের দুজন স্থানীয় সিঙ্গেল ব্যক্তি। আয়োজনের অন্যতম আকর্ষণ বিশেষ গ্রুপ ডিনার ডেট। সেখানে সবাই একসঙ্গে রাতের খাবার খাবেন এবং পরস্পরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, খাবারের ঐতিহ্য ও স্থানীয় জীবনযাত্রার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকবে। পুরো ভ্রমণে বিমানভাড়া, আবাসন, খাবার এবং নির্ধারিত কার্যক্রমের খরচ বহন করবে ‘ভিজিট ফিনল্যান্ড’।
কারা আবেদন করতে পারবেন
আয়োজকদের শর্ত অনুযায়ী, আবেদনকারীকে কমপক্ষে ১৮ বছর বয়সী এবং সিঙ্গেল হতে হবে। ফিনল্যান্ডের বাসিন্দারা এ আয়োজনে আবেদন করতে পারবেন না। তবে বিশ্বের যেকোনো দেশের নাগরিক ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন। সে হিসাবে বাংলাদেশি নারী-পুরুষেরও আবেদনের সুযোগ রয়েছে।
যেভাবে আবেদন করবেন
আবেদনের জন্য আগ্রহীদের ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে—একটি ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?
ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক কিংবা ইউটিউবের মতো কোনো পাবলিক সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করতে হবে। পোস্টের সঙ্গে #FinnishDinnerDate হ্যাশট্যাগ যুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ‘ভিজিট ফিনল্যান্ড’-এর অফিসিয়াল অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।
এরপর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমে প্রকাশিত ভিডিওর লিংক যুক্ত করতে হবে। ইনস্টাগ্রাম বা টিকটকে ভিডিও প্রকাশ করলে অ্যাকাউন্টটি অবশ্যই পাবলিক রাখতে হবে, যাতে আয়োজকেরা সেটি দেখতে পারেন।
আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬, ফিনল্যান্ডের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ‘ভিজিট ফিনল্যান্ড’-এর ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে ঘোষণা করা হবে।