রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj

স্ত্রীকে কখনো বলবেন না, ‘আমার বাবা-মাই সবার আগে’

স্ত্রীকে কখনো বলবেন না, ‘আমার বাবা-মাই সবার আগে’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিয়ের পর একজন পুরুষের জীবনে বাবা-মা ও স্ত্রী—দুই পক্ষের সম্পর্কই গুরুত্বপূর্ণ। তবে একই ছাদের নিচে বসবাস কিংবা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় মতবিরোধ তৈরি হয়। এমন পরিস্থিতিতে স্বামী কার পক্ষ নেবেন, তা নিয়ে দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।

সম্পর্কবিষয়ক পরামর্শদাতা চেতনা চক্রবর্তীর মতে, স্ত্রীকে কখনোই বলা উচিত নয়, ‘আমার মা-বাবাই আমার এক নম্বর অগ্রাধিকার, তাঁদের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই।’

তাঁর মতে, একজন পরিণত মানসিকতার স্বামী বাবা-মাকে সম্মান করার পাশাপাশি স্ত্রীর অনুভূতি ও মতামতকেও সমান গুরুত্ব দেবেন। কোনো সমস্যা দেখা দিলে একপক্ষের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বাবা-মা ও স্ত্রীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন।

কেন এমন কথা ক্ষতিকর?

বিয়ের পর নতুন পরিবেশ ও পরিবারের সঙ্গে মানিয়ে নিতে একজন নারীর সময় প্রয়োজন হয়। এ সময় স্বামী যদি সব ক্ষেত্রে বাবা-মায়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মনে করেন, তাহলে স্ত্রীর মধ্যে অবহেলা ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হতে পারে। একপর্যায়ে তা অভিমান, মনোমালিন্য ও পারস্পরিক দূরত্ব বাড়িয়ে দিতে পারে।

স্ত্রীকে কি বাবা-মায়ের আগে রাখতে হবে?

বিষয়টি আসলে কে বেশি গুরুত্বপূর্ণ, এমন কোনো প্রতিযোগিতা নয়। বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন যেমন জরুরি, তেমনি দাম্পত্যজীবনে স্ত্রীর মতামত, অনুভূতি ও সম্মানকেও গুরুত্ব দিতে হবে। পরিস্থিতি বুঝে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং আলোচনার মাধ্যমে পারিবারিক সিদ্ধান্ত নেওয়াই সুস্থ সম্পর্কের ভিত্তি।

সংসারে ভালোবাসা ও সম্মান বজায় রাখতে কাউকে ছোট করা বা অন্যের সঙ্গে তুলনা করা সমাধান নয়। বরং পরিবারের প্রত্যেক সদস্যের অবস্থান, অনুভূতি ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই পারস্পরিক বোঝাপড়া ও সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন