বায়ুদূষণে নষ্ট হচ্ছে ঘুম, বাড়ছে শ্বাসকষ্টের ঝুঁকি

বায়ুদূষণের কথা উঠলে সাধারণত কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি ও শ্বাসতন্ত্রের সংক্রমণের বিষয়গুলো সামনে আসে। তবে দূষিত বাতাসের প্রভাব শুধু ফুসফুসেই সীমাবদ্ধ নয়, ব্যাহত হতে পারে ঘুমও। দূষিত বায়ুর মধ্যে বসবাসকারীদের অনেকেই সকালে ক্লান্তি নিয়ে ঘুম থেকে ওঠেন, রাতে বারবার ঘুম ভেঙে যায় কিংবা শ্বাস নিতে অস্বস্তি অনুভব করেন। এসব সমস্যার পেছনে চারপাশের বাতাসের মানও ভূমিকা রাখতে পারে।
বায়ুদূষণে সূক্ষ্ম কণা, নাইট্রোজেন ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ থাকে। এর মধ্যে পিএম ২.৫ (PM2.5) বিশেষভাবে উদ্বেগজনক। অতি ক্ষুদ্র এসব কণা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। দীর্ঘদিন এসব কণার সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রে জ্বালা ও প্রদাহ তৈরি হতে পারে। একই সঙ্গে আগে থেকে থাকা শ্বাসকষ্টের সমস্যাও বেড়ে যেতে পারে।
যেভাবে ঘুমের ব্যাঘাত ঘটায় দূষণ
দূষিত বাতাসের সঙ্গে ঘুমের সমস্যার সম্পর্ক মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে তৈরি হয়। দূষিত বায়ু নাক, গলা ও ফুসফুসে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। এতে নাক বন্ধ হওয়া, কাশি, গলায় অস্বস্তি ও শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো উপসর্গ দেখা দেয়।
রাতের বেলায় এসব সমস্যা আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে। ফলে ঘুম আসতে দেরি হয়, ঘন ঘন ঘুম ভেঙে যায় এবং দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে ঘুমানো কঠিন হয়ে পড়ে। এর প্রভাব পরদিনের কর্মক্ষমতা ও শারীরিক স্বস্তিতেও পড়তে পারে।
যাঁরা বেশি ঝুঁকিতে
হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) আক্রান্ত ব্যক্তিরা বায়ুদূষণে বেশি ভুগতে পারেন। আগে থেকেই নাক বন্ধ থাকা কিংবা শ্বাসনালি সংবেদনশীল হলে দূষিত বাতাসে এসব উপসর্গ আরও বেড়ে যেতে পারে।
বারবার কাশি, শ্বাস নিতে অস্বস্তি এবং রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার কারণে তাঁদের ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে ঘুমের মানও কমে যায়।
দীর্ঘমেয়াদে কী প্রভাব পড়ে
দীর্ঘ সময় দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হতে পারে। এর প্রভাব শুধু ফুসফুসে নয়, শরীরের অন্যান্য অঙ্গ ও শারীরিক প্রক্রিয়াতেও পড়তে পারে।
বায়ুদূষণের সঙ্গে ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার সম্পর্ক নিয়েও গবেষণা চলছে। ‘এনভায়রনমেন্টাল পলিউশন’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দীর্ঘমেয়াদি বায়ুদূষণের সংস্পর্শ এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মধ্যে সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এ সম্পর্ক নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এমন একটি সমস্যা, যেখানে ঘুমের সময় শ্বাসনালির ওপরের অংশ বারবার বন্ধ হয়ে যায়। এতে কিছু সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আবার শুরু হয়। আক্রান্ত ব্যক্তির জোরে নাক ডাকা, শ্বাসকষ্টে ঘুম ভেঙে যাওয়া কিংবা দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে।
তবে বায়ুদূষণকে স্লিপ অ্যাপনিয়ার সরাসরি কারণ বলা যায় না। শরীরের ওজন, শ্বাসনালির গঠন ও অন্যান্য শারীরিক অবস্থাও এ সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা প্রয়োজন
শিশুদের ফুসফুস এখনো বিকাশের পর্যায়ে থাকে। তাই দূষিত বাতাসের বারবার সংস্পর্শে তাদের শ্বাসতন্ত্রের সমস্যা বাড়তে পারে। পাশাপাশি নিরবচ্ছিন্ন ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে।
অন্যদিকে, বয়স্ক ব্যক্তি এবং যাঁদের আগে থেকেই হৃদ্রোগ বা ফুসফুসের সমস্যা রয়েছে, তাঁরাও বায়ুদূষণের কারণে বেশি ঝুঁকিতে থাকেন। এসব ক্ষেত্রে ঘরের বাতাসের মান ভালো রাখার পাশাপাশি দূষণের সময় বাইরে চলাফেরায় সতর্ক থাকা জরুরি।
দূষণের প্রভাব কমাতে করণীয়
ঘরের বাতাসের মান ভালো রাখা দূষণের প্রভাব কমানোর অন্যতম উপায়। বাইরের বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে জানালা ও দরজা বন্ধ রাখা যেতে পারে, যাতে দূষিত কণা ঘরে কম প্রবেশ করে। তবে বাইরের বাতাসের মান ভালো থাকলে ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
উপযুক্ত আকারের হেপা (HEPA) ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ঘরের বাতাসে ভাসমান ক্ষুদ্র কণার পরিমাণ কমাতে সাহায্য করতে পারে। তবে এটি দূষণ নিয়ন্ত্রণের পূর্ণাঙ্গ সমাধান নয়। যন্ত্রটি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করাও জরুরি।
ঘরের ভেতরে সিগারেটের ধোঁয়া, ধূপ, অতিরিক্ত রুম ফ্রেশনার এবং পর্যাপ্ত বায়ুচলাচল ছাড়া রান্নার ধোঁয়া এড়িয়ে চলা উচিত। বাইরে যাওয়ার আগে স্থানীয় বায়ুমান সূচক দেখে নেওয়া ভালো। বিশেষ করে শীতকালে দূষণের মাত্রা বেড়ে গেলে সতর্কতা প্রয়োজন। বায়ুর মান খারাপ থাকলে বাইরে ভারী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা উচিত। শিশু ও শ্বাসতন্ত্রের রোগীদের ক্ষেত্রে এ বিষয়ে বাড়তি সতর্কতা জরুরি।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
ঘুমের মধ্যে নিয়মিত জোরে নাক ডাকা, বারবার ঘুম ভেঙে যাওয়া, সকালে মাথাব্যথা, ঘুমের মধ্যে হাঁপিয়ে ওঠা কিংবা দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি—এসব লক্ষণ অবহেলা করা উচিত নয়। এগুলো ঘুম বা শ্বাসতন্ত্রের অন্তর্নিহিত কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।
ঘুমের সমস্যার পাশাপাশি শ্বাসতন্ত্রের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে বায়ুদূষণের সময় এসব সমস্যা বাড়লে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে সমস্যার কারণ শনাক্ত করা গেলে দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।