সাইবার হামলায় উবার চালকদের লাইসেন্স নম্বরসহ তথ্য ফাঁস

সাইবার হামলার শিকার হয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটির আওতায় থাকা প্রায় দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে চালকদের ড্রাইভিং লাইসেন্স নম্বর, নাম, ঠিকানা ও জন্মতারিখ। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত চালকদের এ বিষয়ে জানাতে শুরু করেছে উবার।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে উবারের তৃতীয় পক্ষের একটি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা হয়। ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লগইন তথ্য হাতিয়ে নিয়ে সেগুলো ব্যবহার করে উবারের তথ্যভান্ডারে প্রবেশ করে হ্যাকাররা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আইওয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে চলতি সপ্তাহে জমা দেওয়া নোটিশে উবার জানায়, গত ৯ অক্টোবর তাদের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটি সাইবার হামলার বিষয়ে অবহিত করে। এরপর তথ্য চুরির বিষয়টি সামনে আসে।
উবারের তথ্য চুরির ঘটনায় জড়িত প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটির নাম ফায়ারওয়ার্কস এআই। প্রতিষ্ঠানটি এমন একটি প্রযুক্তি সেবা দেয়, যার মাধ্যমে ডেভেলপাররা বিভিন্ন ওপেন-ওয়েট এআই মডেল ব্যবহার করতে পারেন। গত মাসে ফায়ারওয়ার্কস জানিয়েছিল, তারাও সাইবার হামলার শিকার হয়েছে।
এ বিষয়ে টেকক্রাঞ্চকে উবারের এক মুখপাত্র বলেন, তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কসের নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত চালকদের নোটিশ দেওয়া হচ্ছে। ফায়ারওয়ার্কসের কাছে উবারের কিছু তথ্য সংরক্ষিত ছিল। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
অন্যদিকে ফায়ারওয়ার্কসের দাবি, আর্থিক লাভের উদ্দেশ্যে পরিচালিত একটি সাইবার অপরাধী গোষ্ঠী এ হামলার পেছনে রয়েছে। তবে এখন পর্যন্ত পরিচিত কোনো সাইবার অপরাধী গোষ্ঠী তথ্য চুরির দায় স্বীকার করেনি।