কেনাকাটার দায়িত্বও নিতে পারবে চ্যাটজিপিটি, আনছে নতুন ওয়ালেট

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ নামে নতুন একটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপ সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। পণ্য নির্বাচন থেকে শুরু করে মূল্য পরিশোধের প্রক্রিয়াও এতে অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) এ সুবিধা চালুর ঘোষণা দেয় ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এটি ব্যবহারের সুযোগ পাবেন। তবে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধায় চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পণ্য কেনার পরামর্শ দিতে পারবে। ব্যবহারকারী পছন্দের পণ্য নির্বাচন করলে পরবর্তী ধাপগুলোও সম্পন্ন করতে সহায়তা করবে এআই এজেন্ট।
তবে কেনাকাটার চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদন থাকবে ব্যবহারকারীর হাতে। অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট দাম এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা পর্যালোচনা করতে পারবেন তিনি। এরপর ফেস আইডি বা আঙুলের ছাপের মতো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে লেনদেনের অনুমোদন দিতে হবে। প্রতিটি লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে।
যেভাবে কাজ করবে চ্যাটজিপিটি ওয়ালেট
এ সুবিধা ব্যবহার করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে কেনাকাটার বিষয়ে নির্দেশনা দিলেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড যুক্ত করা হলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে পেমেন্টের তথ্য দিতে হবে না।
লেনদেনের ক্ষেত্রে চ্যাটজিপিটি ওয়ালেট একটি পেমেন্ট টোকেন ব্যবহার করে নির্ধারিত কার্ড থেকে অর্থ পরিশোধ করবে। এই টোকেন প্রকৃত কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা বিক্রেতার কাছে প্রকাশ পাবে না।
তবে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় তথ্য—যেমন ব্যবহারকারীর ঠিকানা ও যোগাযোগের বিবরণ—বিক্রেতার কাছে পাঠানো হবে।
ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, এ পদ্ধতিতে কেনাকাটা করলেও ব্যবহারকারীরা ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কার্ড ব্যবহারের বিপরীতে পাওয়া পুরস্কার বা রিওয়ার্ড এবং কোনো লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও বহাল থাকবে।
ভবিষ্যতে আরও স্বয়ংক্রিয় হবে কেনাকাটা
প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু করার পরিকল্পনা করেছে ওপেনএআই। এর মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা পরীক্ষা ও উন্নত করতে চায় প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে আরও বেশি ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
কেনাকাটার ক্ষেত্রে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর বিষয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে নির্দিষ্ট ব্যয়সীমা নির্ধারণ, কোন ধরনের পণ্য কেনা যাবে এবং কোন সময়ের মধ্যে কেনাকাটা করা যাবে—এসব বিষয়ে আগাম নির্দেশনা দেওয়ার সুযোগ যুক্ত হতে পারে। এতে ব্যবহারকারীর পূর্বনির্ধারিত অনুমোদন অনুযায়ী আরও স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করতে পারবে এআই এজেন্ট।
তবে এ প্রযুক্তি চালুর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। বেশ কিছু অনলাইন বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও তৃতীয় পক্ষের এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটাকে নিরুৎসাহিত করছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের নিজস্ব এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় উৎসাহিত করতে চায়।
এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআইনির্ভর বাণিজ্যের জন্য প্রস্তুত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে অনলাইন বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত নির্দেশনা ও বিভিন্ন টুল যুক্ত করা হয়েছে।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ব্যক্তিগত কাজ সহজ করতে এআই এজেন্টের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের সেবায় এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা এখনো কম। তবে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ব্যবহারকারীদের অন্যতম জনপ্রিয় কার্যক্রম হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে এআইনির্ভর বাণিজ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে ওপেনএআই।