১৯০টির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে ইসলামি সামাজিক মাধ্যম ‘আলফাফা’

ইসলামি মূল্যবোধ ও নীতিমালার ভিত্তিতে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’ অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক পরিসরে ব্যবহারকারীদের আকৃষ্ট করেছে। বর্তমানে বিশ্বের ১৯০টিরও বেশি দেশের মুসলমানেরা প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর মিলিয়ে অ্যাপটির ডাউনলোড সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। প্রতি মাসে ৭০ হাজারের বেশি সক্রিয় ব্যবহারকারী এতে যুক্ত থাকছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমের বিকল্প হিসেবে যাত্রা শুরু করা আলফাফা নিজেদের ইসলামি আদর্শভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত করছে। কর্তৃপক্ষের দাবি, এখানে অশ্লীলতা, ফিতনা ও ইসলামবিরোধী কনটেন্ট প্রকাশের সুযোগ নেই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে প্ল্যাটফর্মটির ব্যবহার বাড়ছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন ইসলামপ্রিয় তরুণের উদ্যোগে আলফাফার যাত্রা শুরু হয়। তাঁদের লক্ষ্য ছিল এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে তোলা, যেখানে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেই দাওয়াহ, শিক্ষা, ব্যবসা এবং ব্যক্তিগত যোগাযোগের সুযোগ থাকবে। বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে একটি ডিজিটাল সম্প্রদায় বা ‘ডিজিটাল উম্মাহ’ গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ জানান, বিশ্বজুড়ে মুসলমানদের সামাজিক যোগাযোগের প্রয়োজনীয়তা প্রচলিত প্ল্যাটফর্মগুলো পুরোপুরি পূরণ করতে পারছে না। এসব মাধ্যমে ইসলামি মূল্যবোধ বজায় রেখে কার্যক্রম পরিচালনা করাও অনেক ক্ষেত্রে কঠিন। এ বাস্তবতা থেকেই ইসলামি আদর্শে পরিচালিত একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবহারকারীদের জন্য ‘Alfafaa Connect’ নামে একটি লাইট সংস্করণও চালু করেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এই সংস্করণে কম ডেটা খরচে দ্রুত সেবা পাওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতিও চলছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তেলাওয়াত, হাদিস ও বিভিন্ন ইসলামি বিষয়ভিত্তিক কনটেন্ট প্রকাশ করা হয়। ব্যবহারকারীরা বিনামূল্যে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি এবং পেশাগত পরিচিতি তালিকাভুক্ত করতে পারেন। এ ছাড়া অনুদান দেওয়ার সুবিধার পাশাপাশি যুক্ত করা হয়েছে ই-ওয়ালেট।
শিক্ষা কার্যক্রমেও ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন কোর্সে ইতিমধ্যে সাত হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছেন। প্ল্যাটফর্মটিতে প্রকাশিত রিলসের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে।
সামাজিক যোগাযোগের বাইরেও ব্লগ, ফোরাম, চাকরি, অনলাইন শিক্ষাদান ও ই-কমার্সের মতো সুবিধা যুক্ত করে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে আলফাফা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সহজে যোগাযোগের সুবিধাও রয়েছে এতে।
প্রতিষ্ঠানটির পরবর্তী পরিকল্পনার মধ্যে রয়েছে বই কেনাবেচার অনলাইন বাজার চালু এবং প্ল্যাটফর্মে বই পড়ার সুবিধা যুক্ত করা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে ‘Alfafaa’ লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।