বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj

১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি

১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। আগামী ১ জানুয়ারি থেকে সিম-বাইন্ডিং সংক্রান্ত এ নিয়ম কার্যকর হতে পারে। এতে মেসেজিং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সিম কার্ড ফোনে সক্রিয় না রাখলে কিছু ব্যবহারকারী অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়তে পারেন।

ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (ডিওটি) মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে নতুন নিয়ম বাস্তবায়নের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। সাইবার জালিয়াতি প্রতিরোধ এবং ভারতীয় মোবাইল নম্বরের অপব্যবহার ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

সিম-বাইন্ডিং হলো মোবাইল নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাকাউন্টের সংযোগ নিশ্চিত করার ব্যবস্থা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ভারতীয় মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহারের সময় সংশ্লিষ্ট সিম বা ই-সিম ফোনে সক্রিয় রাখার প্রয়োজন হতে পারে।

এর ফলে কেউ নিবন্ধিত সিম ফোন থেকে খুলে অন্য ডিভাইসে ব্যবহার করলে অথবা সিমটি নিষ্ক্রিয় রাখলে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাকাউন্ট ব্যবহারে জটিলতা তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে নম্বর পুনরায় যাচাই করার প্রয়োজন হতে পারে কিংবা অ্যাপ ব্যবহারে বিধিনিষেধ আসতে পারে।

তবে ১ জানুয়ারি থেকে সব ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। মূলত নিবন্ধিত সিম ফোনে সক্রিয় না রেখেও যারা এসব অ্যাপ ব্যবহার করেন, নতুন নিয়মে তাদের ওপর প্রভাব পড়তে পারে।

নিয়মটি কীভাবে বাস্তবায়ন করা হবে এবং কোন পরিস্থিতিতে অ্যাকাউন্ট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হবে, তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বাস্তবায়ন পদ্ধতির ওপর নির্ভর করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন