জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তাঁর মতে, জীবনসঙ্গীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। নিজের ভুল বুঝতে পারা, তা স্বীকার করা এবং সংশোধনের মানসিকতাও থাকতে হবে। পাশাপাশি রান্না জানলে বাড়তি ভালো লাগবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কউন বানেগা ক্রোড়পতি ১৮’-তে অতিথি হিসেবে উপস্থিত হন সাই পল্লবী। সেখানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। অনুষ্ঠানের একপর্যায়ে অমিতাভ বচ্চন সাই পল্লবীর কাছে জানতে চান, ভবিষ্যৎ জীবনসঙ্গীর মধ্যে কী ধরনের গুণ দেখতে চান তিনি।
উত্তরে সাই পল্লবী বলেন, সবার আগে তাঁর জীবনসঙ্গীকে একজন ভালো মানুষ হতে হবে। এমন একজন হতে হবে, যিনি শুধু নিজের কথা ভাববেন না। মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, তবে ভুল বুঝতে পারা এবং তা সংশোধনের চেষ্টা করাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
জীবনসঙ্গী নির্বাচনে খুব বেশি চাহিদা নেই জানিয়ে সাই পল্লবী মজার ছলে বলেন, সঙ্গী রান্না করতে জানলে ভালো হয়। তাঁর এই মন্তব্যে জীবনসঙ্গী নিয়ে প্রত্যাশার পাশাপাশি ব্যক্তিগত পছন্দের বিষয়টিও উঠে আসে।
অনুষ্ঠানে সাই পল্লবীর চিকিৎসক থেকে অভিনেত্রী হয়ে ওঠার গল্পও আলোচনায় আসে। চিকিৎসাবিদ্যা ছেড়ে অভিনয়জগতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঈশ্বর তাঁর ভাগ্যে এটাই লিখে রেখেছিলেন।
বর্তমানে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যশ, রবি দুবে ও সানি দেওল।
সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পৌরাণিক কাহিনিনির্ভর এ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
সীতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সাই পল্লবী জানিয়েছেন, এই চরিত্র তাঁকে নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছে।