রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোটরসাইকেল, প্রাইভেটকার, ওয়াকিটকি ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগ থেকে গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা এবং ৮০ বোতল এস্কাফ সিরাপ।
মাদকদ্রব্যের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন এবং ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।