গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ অ্যালকোহল

রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকা বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ অভিযান প্রায় তিন ঘণ্টা চলে। সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযান ও পণ্য জব্দের তথ্য জানায় এনবিআর।
সংস্থাটি জানায়, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ উৎস বা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা অ্যালকোহলের মজুত শনাক্ত করা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এসব পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়া হয়েছে কি না এবং বিক্রির অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না, তা যাচাই করা হয়। লেনদেনের সঙ্গে অর্থপাচারের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও অনুসন্ধানের আওতায় রাখা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এনবিআরের আরও তিনটি সংস্থা অংশ নেয়। সেগুলো হলো—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। অভিযানে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এনবিআর জানিয়েছে, জব্দ করা পণ্যের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।