সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিপসট পরিদর্শনে ডাচেস সোফি, সাক্ষাৎ করলেন নারী শান্তিরক্ষীদের সঙ্গে দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে ঝড় তুলেছে তৌসিফ-তটিনীর ‘মন দুনিয়া’ ১৭ বছর গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ সরকার: স্পিকার সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৪০ চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক, স্ত্রী-পরিবারের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন শেখ হাসিনা, প্রশ্ন রিজভীর নারী ও শিশুর কল্যাণে অভিন্ন স্বার্থ নিয়ে জুবাইদা-সোফির আলোচনা
  • যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণে নতুন বাধার মুখে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

    যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণে নতুন বাধার মুখে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দেশটিতে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। স্থানীয় পর্যায়ে এসব স্থাপনা নির্মাণে বিধিনিষেধ আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন অনেক ভোটার। একই সঙ্গে ডেটা সেন্টারের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পেয়েছেন কয়েকজন রাজনীতিক। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অবকাঠামো সম্প্রসারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের প্রভাব পড়তে পারে প্রযুক্তি খাতেও। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নতুন বিধিনিষেধের মুখোমুখি হতে হতে পারে।

    টেকক্রাঞ্চের ‘ইকুইটি’ পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক অ্যান্থনি হা, কার্স্টেন কোরোসেক ও শন ও’কেন। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নির্মাণ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কেরও অংশ হয়ে উঠেছে। শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে।

    পডকাস্টের আলোচনায় শন ও’কেন বলেন, রিপাবলিকান পার্টির অন্যতম বড় দাতা ছিলেন ইলন মাস্ক। দলটির নির্বাচনী প্রচারে তিনি প্রায় ৫০ কোটি ডলার বা তার বেশি অর্থ অনুদান দিয়েছেন বলে ধারণা করা হয়। তবে নির্বাচনের পর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর থাকা টেক্সাসের রাজনৈতিক পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা নতুন গভর্নর নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি ডেটা সেন্টার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    তবে ডেটা সেন্টারবিরোধী মনোভাবই ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের একমাত্র কারণ নয় বলে মনে করেন পডকাস্টের আলোচকেরা। তাঁদের মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের অবকাঠামো নির্মাণ নিয়ে মানুষের উদ্বেগ ক্রমেই বাড়ছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনেক সময় গোপনীয়তার শর্তে প্রকল্পের অনুমোদন নেওয়ার চেষ্টা করে। এ ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে গোপনীয়তা চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) করা হয়। ফলে প্রকল্পের আকার, বিদ্যুৎ ও পানির চাহিদা এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্থানীয় বাসিন্দারা পর্যাপ্ত তথ্য জানতে পারেন না।

    কার্স্টেন কোরোসেক বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো পানিসংকটপূর্ণ এলাকায় বড় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা স্থানীয় মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রকল্পের পরিবেশগত প্রভাব সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রকাশ না করায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও এসব উদ্যোগের বিরোধিতা করছেন।

    এ পরিস্থিতিতে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে নিজেদের নীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি ওপেনএআই ‘কম্পিউট ক্যাম্পাস পলিসি ব্লুপ্রিন্ট’ নামে একটি নীতিমালা প্রকাশ করেছে। এতে প্রকল্পের তথ্য প্রকাশ এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এনডিএর বাধ্যবাধকতা তুলে দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে। এ ছাড়া ডেটা সেন্টারের পরিবর্তে ‘কম্পিউট ক্যাম্পাস’ শব্দবন্ধ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

    তবে শুধু নাম পরিবর্তন করে মানুষের উদ্বেগ দূর করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে। টেকক্রাঞ্চের আলোচকদের মতে, ডেটা সেন্টারের নাম বদলে কম্পিউট ক্যাম্পাস রাখা হলেও বিদ্যুৎ ও পানির অতিরিক্ত চাহিদা নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ থেকেই যাবে।

    নির্বাচনী ও নীতিগত চাপের পাশাপাশি আর্থিক চ্যালেঞ্জও বাড়তে পারে এ খাতে। পডকাস্টের আলোচনায় বলা হয়, এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগের বিষয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের আগ্রহেও পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে একদিকে সরকারি বিধিনিষেধ, অন্যদিকে বিনিয়োগকারীদের মনোভাব—দুই দিক থেকেই চাপে পড়তে পারে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

    তবে এআই সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে বড় পরিসরে কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন। এ কারণে ডেটা সেন্টার নির্মাণ পুরোপুরি বন্ধ করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ হবে না। আগামী দুই বছর এবং পরবর্তী সময়ে এ খাতের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, স্থানীয় জনগণের অবস্থান ও বিনিয়োগের গতিপথ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন