রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj

স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জারে বার্তা, ভয়েস ও ভিডিও কলের সুবিধা

স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জারে বার্তা, ভয়েস ও ভিডিও কলের সুবিধা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রচলিত মোবাইল নেটওয়ার্কের সংযোগ না থাকলেও এবার স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে মেসেঞ্জার চালানোর সুযোগ তৈরি হচ্ছে। এ সুবিধায় শুধু বার্তা আদান-প্রদান নয়, ভয়েস ও ভিডিও কলও করা যাবে। তবে সেবাটি পাওয়া নির্ভর করবে মোবাইল অপারেটরের কারিগরি সক্ষমতা, গ্রাহকের প্যাকেজ এবং সংশ্লিষ্ট এলাকায় স্যাটেলাইট কভারেজের ওপর।

প্রযুক্তি প্রতিষ্ঠানটি গত শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন এ সেবার ঘোষণা দিয়েছে।

মেসেঞ্জারের তথ্য অনুযায়ী, কোনো মোবাইল ডিভাইস স্যাটেলাইট নেটওয়ার্কে যুক্ত হলে অ্যাপটির চ্যাট বিভাগে ‘You're connected by satellite’ লেখা একটি ব্যানার দেখা যেতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারী বুঝতে পারবেন, তাঁর ডিভাইসটি স্যাটেলাইট সংযোগ ব্যবহার করছে।

তবে এ প্রযুক্তিতে মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। স্যাটেলাইট সংযোগে বার্তা পৌঁছাতে বিলম্ব হতে পারে। ইন্টারনেটের গতি কমে যাওয়া কিংবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রতিকূল আবহাওয়ায় স্যাটেলাইট সংকেতের কার্যকারিতা কমতে পারে। বড় আকারের ছবি বা ভিডিও পাঠাতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। এমনকি বড় ফাইল আদান-প্রদান সম্ভব নাও হতে পারে। সংযোগ চালু থাকলেও মেসেঞ্জার ধীরগতিতে কাজ করতে পারে কিংবা সাময়িকভাবে সাড়া দেওয়া বন্ধ করতে পারে।

সমস্যা দেখা দিলে করণীয়

স্যাটেলাইট সংযোগে মেসেঞ্জার ব্যবহারের সময় সমস্যা হলে কয়েকটি বিষয় যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রথমত, সংশ্লিষ্ট মোবাইল অপারেটর স্যাটেলাইট সেবা দেয় কি না এবং গ্রাহকের বর্তমান প্যাকেজে এ সুবিধা রয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। একই সঙ্গে নিজের অবস্থান এলাকায় স্যাটেলাইট কভারেজ আছে কি না, সেটিও যাচাই করা জরুরি।

নিরবচ্ছিন্ন সংযোগ পেতে ভবন বা ঘন গাছপালার আড়াল এড়িয়ে খোলা জায়গায় অবস্থান করতে হবে। এমন জায়গা বেছে নিতে হবে, যেখান থেকে আকাশের দিকে স্পষ্ট দৃষ্টিসীমা পাওয়া যায়। এরপর কয়েক মিনিট অপেক্ষা করে আবার সংযোগের চেষ্টা করা যেতে পারে।

এ ছাড়া কারিগরি ত্রুটি এড়াতে মেসেঞ্জার অ্যাপ এবং মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম হালনাগাদ রাখা প্রয়োজন। সংযোগ নেওয়ার আগে আবহাওয়ার অবস্থাও বিবেচনায় রাখতে হবে। মেঘলা আকাশ ও বৃষ্টি স্যাটেলাইট সংকেতের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন