জিমেইল বন্ধের গুঞ্জন, সেবা সচল থাকার দাবি গুগলের

সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তি সেবায় একের পর এক বিভ্রাটের খবরের মধ্যে নিজেদের ই-মেইল সেবা জিমেইল স্বাভাবিকভাবে সচল রয়েছে বলে জানিয়েছে গুগল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, জিমেইলে বড় ধরনের কোনো সেবা-বিভ্রাটের প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে ব্যবহারকারীদের সেবাটির অনলাইন স্ট্যাটাস ড্যাশবোর্ড থেকে তাৎক্ষণিক অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে গুগল।
মঙ্গলবার এক্সে জিমেইল সেবা বন্ধ থাকার বিষয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর এ বক্তব্য দেয় প্রতিষ্ঠানটি। একই সময়ে অ্যাপলের কয়েকটি সেবায় প্রকৃতপক্ষেই বিভ্রাট দেখা দিয়েছিল। এ কারণে জিমেইলের সেবা নিয়েও ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কেউ কেউ জিমেইল ব্যবহারে সমস্যার কথা জানান, আবার অনেক ব্যবহারকারী কোনো ধরনের সমস্যা না হওয়ার কথা জানিয়েছেন।
জিমেইল নিয়ে উদ্বেগের সূত্রপাত হয় বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের একটি পোস্ট থেকে। এ ওয়েবসাইটে ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন সেবা ব্যবহারে সমস্যার কথা জানাতে পারেন। তবে ডাউনডিটেক্টরের তথ্য কোনো সেবায় প্রকৃতপক্ষে কী ধরনের বা কতটা বিভ্রাট ঘটেছে, তা নিশ্চিত করার আনুষ্ঠানিক উৎস নয়।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সেবার নির্ভরযোগ্যতা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ বাড়ার মধ্যে গুগলের এ ঘোষণা এসেছে। গত এক সপ্তাহে অ্যাপল ও মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিভ্রাট দেখা গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নেটওয়ার্কে সমস্যার কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। কয়েকটি ব্যাংক ও উড়োজাহাজ সংস্থাও তাদের সেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন মঙ্গলবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে বলেছেন, দেশটিতে সমন্বিত কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত কোনো তৎপরতারও ইঙ্গিত মেলেনি বলে জানান তিনি।
ক্লেটনের ধারণা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবস্থা হালনাগাদের কাজের সঙ্গে সাম্প্রতিক সমস্যাগুলোর সম্পর্ক থাকতে পারে। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উন্নতির ফলে নতুন সফটওয়্যার মডেলগুলো আগের তুলনায় আরও দক্ষভাবে প্রযুক্তি ব্যবস্থার অজানা নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে পারছে। এ কারণে প্রতিষ্ঠানগুলো বড় পরিসরে সফটওয়্যার হালনাগাদ ও নিরাপত্তা প্যাচ যুক্ত করছে।