সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আবাসিক এলাকায় বাণিজ্যিক দখল, নীরব দর্শক রাজউক দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহ্‌দী আমিন সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নাহিদ ইসলামের এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন থার্ড টার্মিনালে বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশ, পূর্ণাঙ্গ চালুতে লাগবে ১৪ মাস এআইয়ের অগ্রগতি মাপতে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহারের পরামর্শ
  • বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত

    বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হিমালয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত প্রতিবেশী নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৬০ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা প্যাকেজের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

    মোদি জানান, ২৪ হাজার কোটি নেপালি রুপি বা ১৬০ কোটি ডলারের এই প্যাকেজের মাধ্যমে নেপালের পুনর্গঠনে সহায়তা এবং দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

    নেপালে গত আগস্টে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশটির পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তবে ঘোষিত প্যাকেজে কোন কোন খাত অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

    গত মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রতিবেশী কোনো দেশে সফরে গেছেন বালেন্দ্র শাহ। রোববার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁকে সামরিক গার্ড অব অনার দেওয়া হয়। র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা শাহ ২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে অলি সরকারের পতনের পর ক্ষমতায় আসেন।

    নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শুরুতে বিদেশ সফর এড়িয়ে চলেন শাহ। তাঁর প্রথম বিদেশ সফর ছিল গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া। ওই সময় নেপাল হিমবাহ ধসে সৃষ্ট সুনামির মতো ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল। দেশটিতে ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং নিখোঁজ হন প্রায় ৫ হাজার মানুষ।

    ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় সহায়তা

    বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই সামান্য। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিকে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। নেপাল সরকারের হিসাব অনুযায়ী, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশ পুনর্গঠনে ৪৭৮ কোটি ডলার প্রয়োজন হবে।

    বালেন্দ্র শাহ বলেন, এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

    গত অক্টোবরে জাতিসংঘের জলবায়ু ক্ষতি ও লোকসান তহবিল থেকে নেপালকে ২ কোটি ডলার সহায়তা দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়। একক আবেদনে কোনো দেশকে দেওয়া এটিই এ তহবিলের সর্বোচ্চ বরাদ্দ। প্রথমবারের মতো কোনো দেশের জন্য এ তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়।

    প্রায় ৩ কোটি মানুষের দেশ নেপাল স্থলবেষ্টিত হিমালয় অঞ্চলে অবস্থিত। দীর্ঘদিন ধরে দেশটিকে দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।

    মোদি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তা, নতুন সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়ানোই ভারতের অঙ্গীকার।

    বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে, যার আর্থিক পরিমাণ প্রায় ৮৬০ কোটি ডলার। অন্যদিকে চীন থেকে আসে ১৩ শতাংশ বা প্রায় ১৮০ কোটি ডলারের পণ্য।

    মোদি বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হলো অভিন্ন অংশীদারত্বের ইতিহাস, সংস্কৃতি এবং জনগণের মধ্যে গভীর যোগাযোগ।

    বৈঠকের পর দুই নেতা কয়েকটি যৌথ প্রকল্পেরও উদ্বোধন করেন। এগুলোর মধ্যে রয়েছে আন্তসীমান্ত রেলপথ, ৬৬৯ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎকেন্দ্র, সম্প্রসারিত পেট্রোলিয়াম পাইপলাইন এবং নতুন তেল সংরক্ষণ টার্মিনাল।

    বালেন্দ্র শাহ বলেন, নেপাল ও ভারতের বন্ধুত্ব এমন হওয়া উচিত, যেখানে বিশ্বাস হিমালয়ের মতো সুউচ্চ হবে, সহযোগিতা নদীর মতো নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হবে এবং অভিন্ন আকাশের নিচে দুই দেশের সমৃদ্ধি বিকশিত হবে।

    সূত্র: এএফপি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন