‘মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে খেলতে হবে’: জ্যোতি

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ অধিনায়ক। এ জন্য চাপের মুহূর্তে ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী খেলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
জ্যোতির মতে, ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হলে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে হবে। পরবর্তী ম্যাচে সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগ দিচ্ছে দল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। খেলতে হবে ধৈর্য ধরে। পরের ম্যাচে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা করছি।’
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্বলতা আবারও সামনে এসেছে। বিশেষ করে নতুন বলের বিপক্ষে শুরুতে উইকেট হারানোয় চাপে পড়ে দল। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারালে ব্যাটিংয়ের পরিকল্পনা ধরে রাখা কঠিন হয়ে যায় বলে মনে করেন জ্যোতি।
তিনি বলেন, ‘নতুন বলে ব্যাটিং করতে আমাদের সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে এতগুলো উইকেট হারানো যাবে না। জুটি গড়তে পারিনি। তাই আমরা পথ হারিয়ে ফেলেছি।’
তবে হারের মধ্যেও দলের কিছু পারফরম্যান্সে আশার দিক দেখছেন বাংলাদেশ অধিনায়ক। অভিষেক হওয়া হাবিবা পিংকির আক্রমণাত্মক ব্যাটিং এবং বোলারদের ইতিবাচক প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি। পরের ম্যাচেও এই মানসিকতা ধরে রাখতে চান জ্যোতি।
তার মতে, দলের খেলোয়াড়দের ইতিবাচক দিকগুলো কাজে লাগানোর পাশাপাশি ব্যাটিংয়ে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে শুরুতে উইকেট ধরে রেখে জুটি গড়তে পারলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ বাড়বে বাংলাদেশের।
প্রথম ম্যাচের হার ভুলে এখন পরের লড়াইয়ের প্রস্তুতিতে মনোযোগী বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সমতা ফেরাতে ব্যাটিংয়ে স্থিরতা ও চাপ সামলানোর সক্ষমতা বাড়ানোই হবে তাদের বড় চ্যালেঞ্জ।